২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েব আক্রমণে সাড়ে ৬ লাখ স্মার্টফোন!

একটি ওয়েব সার্ভারের উপর সাইবার আক্রমণ চালাতে সাড়ে ৬ লাখ স্মার্টফোন ব্যবহার করেছে চীনের হ্যাকাররা। আর ওই সাইবার আক্রমণে স্মার্টফোনগুলো ব্যবহৃত হয়েছে মূল মালিকের অজান্তেই।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 06:27 PM

Updated : 22 Aug 2022, 01:19 PM

বিবিসি জানিয়েছে, চীনের ব্যবহারকারীদের স্মার্টফোনগুলো ব্যবহার করে ভুক্তভোগী ওয়েব সার্ভারটিতে এক দিনে সাড়ে ৪শ’ কোটি ডেটা রিকোয়েস্ট পাঠায় হ্যাকাররা। একটি অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ ব্যবহারকারীদের স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়িয়ে দিয়েছিল হ্যাকাররা। পরবর্তীতে ওই ম্যালওয়্যার মাধ্যমেই সাড়ে ৬ লাখ স্মার্টফোন ব্যবহার করা হয় ওয়েব আক্রমণের কাজে।

কনটেন্ট ডেলিভারি সেবাদাতা শ্রেণিভুক্ত মার্কিন প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, চীনের বাজারে জনপ্রিয় অ্যাপগুলোতে ম্যালওয়্যারবাহী বিজ্ঞাপনটি দেখানো হচ্ছিল। আর ম্যালওয়্যারটি লেখা হয়েছিল জাভা স্ক্রিপ্ট ব্যবহার করে।

সাইবার আক্রমণের বিস্তারিত জানালেও ভুক্তভোগী প্রতিষ্ঠানটির নাম গোপন রেখেছে ক্লাউডফ্লেয়ার। বিবিসি জানিয়েছে, ব্রিটিশ সংবাদমাধ্যমটির নিজস্ব ওয়েবসাইটে এক মাসে যে পরিমাণ ডেটা রিকোয়েস্ট আসে, সাইবার আক্রমণের শিকার সাইটটিতে তার থেকে বেশি ডেটা রিকোয়েস্ট পাঠানো হয়েছিল একদিনেই।

“মনে হচ্ছে ব্যবহারকারীদের ম্যালওয়্যার জাভাস্ক্রিপ্টবাহী বিজ্ঞাপন দেখানো হচ্ছিল।”--মন্তব্য করেছেন ক্লাউডফ্লেয়ারের সাইবার নিরাপত্তা বিশ্লেষক মারেক মাজকোওস্কি। তবে এত বিপুল পরিমাণ ব্যবহারকারীকে কী ভাবে ‘বোকা বানিয়ে’ ম্যালওয়্যারবাহী বিজ্ঞাপন হোস্টকারী ওয়েব পেইজে নিয়ে যাওয়া হচ্ছিল সেই ব্যাপারটি এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন তিনি।

“এই ঘটনাগুলো সাইবার আক্রমণের নতুন ধারা সৃষ্টি করছে। ইন্টারনেটের জন্য এটা একটা বড় ঝুঁকি। এই ধরনের আক্রমণ মোকাবেলা করা তুলনামূলক ছোট ওয়েবসাইট অপারেটরদের জন্য মোটেই সহজ কোনো কাজ নয়।”--জানিয়েছেন মাজকোওস্কি।