২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘট ডাকবেন কণ্ঠাভিনেতারা!

ধর্মঘট ডাকতে পারেন ভিডিও গেইমের কণ্ঠাভিনেতারা (গেইমের চরিত্রগুলোর জন্য নেপথ্যে কণ্ঠদানকারী অভিনেতা)! কোনো চরিত্রে কণ্ঠ দেওয়ার সময় বারবার চিৎকার করার মতো গলার স্বরের উপর বিরুপ প্রভাব ফেলে এমন যে কোনো কাজের জন্য আরও বেশি মজুরি ও নিরাপত্তার দাবি করছে ওই কণ্ঠাভিনেতাদের ইউনিয়ন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2015, 08:33 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

বিবিসি জানিয়েছে, ধর্মঘট ডাকা হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে অক্টোবর মাসে ভোট দেবেন ওই কন্ঠাভিনেতারা। ‘দ্য স্ক্রিন অ্যাকটর্স গিল্ড-অ্যামেরিকান ফেডারেশন অফ টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট (স্যাগ-আফ্রটা) জানিয়েছে, ৭৫ শতাংশের বেশি সদস্যের ভোট পেলে ধর্মঘট ডাকবে ইউনিয়ন।

বেশি মজুরি আর নিরাপত্তা ছাড়াও কন্ঠাভিনেতা এবং ‘মোশন ক্যাপচার’ শিল্পীদের কাজের সংজ্ঞা আরও স্বচ্ছ করার দাবি তুলেছেন ইউনিয়নের সদস্যরা।

কণ্ঠ দেওয়ার সময় অভিনেতাদের গলার বিরূপ প্রভাব পরার আশংকা থাকে এমন চরিত্রগুলোর জন্য বেশি মজুরি এবং রেকর্ডিং সেশন দুই ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রাখার দাবি করেছে কণ্ঠাভিনেতাদের ইউনিয়ন। 

কোনো ভিডিও গেইম ২০ লাখ কপির বেশি বিক্রি হলে এর বিপরীতে বোনাসের দাবি করা হয়েছে ইউনিয়নের পক্ষ থেকে। এছাড়াও অডিশন দেওয়ার সময় চরিত্রের ব্যাপারে আরও বেশি তথ্য সরবরাহের দাবিও করেছে ওই ইউনিয়ন।