২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে ৩৬০ ডিগ্রি ভিডিওর যুগ

সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যম ফেইসবুকে যোগ হচ্ছে ৩৬০ ডিগ্রি ভিডিও ফিচার। সাইটটিতে সর্ব প্রথম পোস্ট হওয়া ৩৬০ ডিগ্রি ভিডিওর একটি হতে যাচ্ছে লুকাসফিল্ম-এর স্পেশার ইফেক্ট টিমের তৈরি স্টার ওয়ার্স ভিডিও। মাউস বা মোবাইল ডিভাইস ঘুরিয়ে ওই ৩৬০ ডিগ্রি সাই-ফাই ভিডিও দেখতে পারবেন দর্শকরা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 04:19 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

বিবিসি জানিয়েছে, ডেস্কটপ থেকে দেখার সময় মাউস ঘুরিয়েই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যাবে ফেইসবুকের ৩৬০ ভিডিও। মোবাইল ডিভাইসে দেখার সময় ডিভাইসটি নাড়িয়ে বা অবস্থানের পরিবর্তন করে দেখতে হবে ভিডিওটি। ফেইসবুকে পোস্ট হওয়া অন্যান্য ৩৬০ ভিডিওর জন্য কনটেন্ট সরবরাহ করেছে ডিসকভারি, গোপ্রো এবং এনবিসি।

বর্তমান প্রযুক্তি ব্যবহার করে ৩৬০ ডিগ্রি ভিডিও ধারণ করা বেশ কঠিন কাজ। তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের মধ্যে এর জনপ্রিয়তা বাড়বে বলে আশা করছে ফেইসবুক।

“কল্পনা করুন, ভবিষ্যতে ফ্রান্সের কোনো বন্ধুর গ্রামের বা ব্রাজিলের কোনো উৎসবের ৩৬০ ডিগ্রি ভিডিও দেখছেন আপনি। সব দিক ঘুরে দেখতে পারবেন আপনি, মনে হবে যেন আপনি সেখানেই আছেন।”-- বলা হয়েছে ফেইসবুকের পক্ষ থেকে।

বার্ষিক ‘অকুলাস কানেক্ট’ ইভেন্টের সঙ্গে তাল মিলিয়েই যেন ৩৬০ ডিগ্রি ভিডিও পোস্ট করার ফিচারটি চালু করলো ফেইসবুক। ধারণা করা হচ্ছে ৩৬০ ডিগ্রি ভিডিও সাপোর্ট করবে মুক্তির অপেক্ষায় থাকা ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট ‘অকুলাস রিফট’।

ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) ও ৩৬০ ডিগ্রি ভিডিও প্রযুক্তি নিয়ে ফেইসবুককে শক্ত প্রতিদ্বন্দ্বীতার মুখে পরতে হতে পারে বলে জানিয়েছে বিবিসি। ভিডিও কনটেন্টে ফেইসবুকের প্রধান প্রতিদ্বন্দ্বী ইউটিউব ইতোমধ্যেই ৩৬০ ডিগ্রি ভিডিও পোস্ট করার ফিচার চালু করেছে নিজস্ব ওয়েবসাইটে। আর ভিআর হেডসেটের বাজারেও এইচটিসি ভাইভ আর সনির মরফিয়াস হেডসেটের বিপরীতে লড়তে হবে ফেইসবুকের মালিকানাধীন ‘অকুলাস রিফট’-কে।