২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক তথ্যে প্রবেশাধিকার পাচ্ছে সিএনএন

ফেইসবুক ডেটা টিমে বিশেষ এক্সেস সুবিধা পাওয়ার জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এই চুক্তির ফলে ফেইসবুকে প্রকাশিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিজেদের সম্পাদকীয়তে অন্তর্ভূক্ত করতে পারবে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 03:51 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যার্ড জানিয়েছে, বর্তমানে ৪৮ শতাংশ ওয়েব গ্রাহক ফেইসবুকের মাধ্যমে রাজনৈতিক খবর পেয়ে থাকেন যা সিএনএন-এর ৪৪ শতাংশের চেয়ে বেশি। নতুন প্রজন্মের গ্রাহকদের ক্ষেত্রে সংখ্যাটা শতকরা ৬১ ভাগ।

এ অবস্থায় নতুন চুক্তির ফলে ফেইসবুক এবং সিএনএন উভয় প্রতিষ্ঠানই লাভবান হবে বলে জানিয়েছে ওয়্যার্ড। 

চুক্তিবদ্ধ হলেও সিএনএন-এর নেওয়া কোনো সিদ্ধান্তে ফেইসবুক হস্তক্ষেপ করবেনা-এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর অফ পার্টনারশিপ অ্যান্ডি মিচেল। 

এই চুক্তি ছাড়াও প্রতিষ্ঠান দুটি এক মাসধরে ১০টি শহরে 'ক্যাম্পেইন ক্যাম্পার' নামের ক্রস-কান্ট্রি ভ্রমণ আয়োজন করতে যাচ্ছে।চলতি বছরের ১৩ অক্টোবর লাস ভেগাসে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ডেমোক্রেটিক ডিবেটে এই ক্যাম্পেইন শেষ হবে।

এই সময়টাজুড়ে বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষের অভিমত রেকর্ড করে সিএনএন ডটকম এবং ফেইসবুকে সরাসরি প্রচার করা হবে।

ধারণকৃত ভিডিওতে উঠে আসা উল্লেখযোগ্য বিষয় বাছাই করে তা পরবর্তী বিতর্কে উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছে ওয়্যার্ড।

বিজ্ঞাপন এবং ক্যাম্পেইনিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি লাভে ইতোমধ্যে কাজ শুরু করেছে ফেইসবুক।এই চুক্তি এবং ক্যাম্পেইনের মাধ্যমে এই বিষয়ে জনপ্রিয়তা লাভ করা সহজ হবে বলে সাইটটিতে জানানো হয়।

অন্যদিকে, চুক্তিকালীন ধারণকৃত ভিডিও সিএনএন-এর ডিজিটাল সাইট এবং ফেইসবুকে প্রকাশ করা হবে। এর ফলে ফেইসবুকে ভিডিওর ব্যবহারও বাড়বে।  

তবে ফেইসবুকের এই চুক্তি শুধু সিএনএন-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে কিনা তা এখনো পরিষ্কার নয়। ফেইসবুকের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয়েছে।