স্যামসাংয়ের নতুন ধারার ফোনের গুজব
গুজব ছড়িয়েছে, ডিসপ্লের মাঝখান থেকে ভাঁজ করা সম্ভব এমন স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। ২০১৬ সালের জানুয়ারিতে ফোনটি লঞ্চ করবে প্রতিষ্ঠানটি।
স্যামমোবাইল নামের এক ব্লগের বরাতে এ তথ্য জানা গেছে।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, স্যামমোবাইল ব্লগ মূলত স্যামসাংয়ের পণ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রকাশ করে থাকে এবং এর আগেও ব্লগটির বরাতে বেশ কয়েকবার স্যামসাংয়ের আসন্ন পণ্য সম্পর্কিত নির্ভুল তথ্য প্রকাশ করেছিল।
স্যামমোবাইলের সাম্প্রতিক ওই প্রতিবেদনে দাবী করা হয়েছে, স্যামসাং বর্তমানে ডিসপ্লে ভাঁজ করা সম্ভব হবে, এ ধরনের একটি স্মার্টফোন পরীক্ষা করছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ৩ গিগাবাইট র্যাম, মাইক্রোএসডি কার্ড স্লট এবং ‘নন-রিমুভেবল’ ব্যাটারির এ ডিভাইসটি দুটি মডেলে আসতে পারে।
মডেল দুটির মধ্যে শুধু প্রসেসরের ক্ষেত্রে পার্থক্য থাকবে। দুটোর একটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২০ এবং অন্যটিতে ৮২০ চিপ ব্যবহৃত হবে। ব্লগটির তথ্য অনুসারে, ওই ফোনটি গ্যালাক্সি এস৭ না এবং স্মার্টফোনটিকে প্রথমে দক্ষিণ কোরিয়ায় লঞ্চ করা হবে।
অন্যদিকে ম্যাশএবল জানিয়েছে, ডিসপ্লে ভাঁজ করা সম্ভব হবে – এরকম ফোনের ধারণা নতুন কিছু নয়। ২০০৮ সালেই দ্য সোসাইটি অফ ইনফরমেশন ডিসপ্লের এক অনুষ্ঠানে (এসআইডি) স্যামসাং এ ধরনের একটি পণ্যের প্রটোটাইপ দেখিয়েছিল।
