অ্যান্ড্রয়েড লক স্ক্রিনে নিরাপত্তা ত্রুটি
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের লক স্ক্রিনে নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছেন ইউনিভার্সিটি অফ টেক্সাসের গবেষকরা। ত্রুটিটির কারণে বর্তমানে নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছেন ২১ শতাংশ অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারী।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নিরাপত্তা ত্রুটিটি শুধু অ্যান্ড্রয়েড ললিপপেই সীমাবদ্ধ। অ্যান্ড্রয়েডের অন্যান্য সংস্করণগুলোতে এই নিরাপত্তা ত্রুটি পাওয়া যায়নি।
গবেষকদের ভাষ্যে, বৃহৎ পাসওয়ার্ড দেওয়া কোনো অ্যান্ড্রয়েড ললিপপ চালিত মোবাইল বা ট্যাবলেট আনলকের চেষ্টা করতে থাকলে, অনেক সময় লক স্ক্রিন ক্র্যাশ করে এবং ডিভাইসে প্রবেশাধিকার দিয়ে দেয়।
বিবিসির তথ্য অনুযায়ী, ত্রুটিটি পরীক্ষার সময় গবেষকরা সফলভাবে ফোনের লক স্ক্রিন ক্র্যাশ করতে পেরেছেন এবং ওই ডিভাইসের অ্যাপ ও ডেটায় প্রবেশাধিকার পেয়েছেন। তবে ডিভাইসে পাসওয়ার্ডের বদলে লক প্যাটার্ন বা পিন কোড ব্যবহার করা হলে, এ ধরনের কোনো নিরাপত্তা ত্রুটি সৃষ্টি হয় না বলেই জানিয়েছেন গবেষকরা।
বুধবার গুগল নিজেদের নেক্সাস ডিভাইসের জন্য এ ত্রুটি সংক্রান্ত প্যাচ ইস্যু করেছে। প্যাচ ইস্যুর পাশাপাশি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখন পর্যন্ত এই নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়েছে এমন কোনো ব্যক্তিকে চিহ্নিত করতে পারেননি।
