২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসী বিষয়ে ফেইসবুককে আহ্বান

সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যম ফেইসবুক থেকে অভিবাসীদের আশ্রয় দেওয়া নিয়ে আক্রমণাত্মক ও নেতিবাচক বক্তব্য সরানোর অনুরোধ জানিয়ে চার মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে জার্মান গ্রিন পার্টি।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 03:52 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

ইউরোপে অভিবাসীদের আশ্রয় সঙ্কট নিয়ে গোটা বিশ্বে এখন তোলপাড় চলছে। অভিবাসীদের আশ্রয় দেওয়ার পক্ষ-বিপক্ষে চলছে নানা আলোচনা। ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও।

সম্প্রতি সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুকে অভিবাসীদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে জার্মানির ক্ষমতাধীন দলকে সমর্থন জানায় দেশটির গ্রিন পার্টি।  ওই পদক্ষেপের বিরোধিতাকারীরা বাজেভাবে সমালোচনা করছেন বলে জানিয়েছে বিবিসি। সমালোচনায় থেকে বাদ পরেননি গ্রিন পার্টির সংসদীয় নেতা ক্যাটরিন গোয়েরিং-একার্ডও।

চার মিনিটের ওই ভিডিওতে তার বিরুদ্ধে করা আক্রমণাত্মক কনটেন্ট তুলে ধরেন ক্যাটরিন। সেইসঙ্গে ভিডিওতে দেশের নাগরিক ও ফেইসবুক ব্যবস্থাপকদের কাছে ওই কনটেন্টগুলো সরিয়ে নেওয়ার আবেদন জানান তিনি।

অপমানকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের আবর্জনা আমার প্রেরণা যোগায়।” যে সব জার্মান নাগরিক অভিবাসীদের আশ্রয় দিচ্ছেন তাদেরকে সমর্থন জানান তিনি।

‘কমিউনিটি স্ট্যান্ডার্ডস’ ধারা অনুযায়ী, ফেইসবুক মানুষের বর্ণ, জাত, ধর্ম, লিঙ্গ, অসামর্থ্যতা ইত্যাদির উপর ভিত্তি করে করা আক্রমণাত্মক বক্তব্য মুছে দেয়। তবে মুছে দেওয়ার বিষয়টি সাইটটির ব্যবহারকারীদের রিপোর্টের উপর নির্ভর করে বলে জানায় প্রতিষ্ঠানটি। 

একার্ড ছাড়াও দলটির সংসদ সদস্য অজকান মাটলু, দেশটির স্টেট কাউন্সিল চেয়ারম্যান এরিক পিপাসহ অনেক প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তি এ ধরনের আক্রমণাত্মক বক্তব্যের শিকার হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।