২৫০ মেগাপিক্সেল আনল ক্যানন
২৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর তৈরি করেছে জাপানি ইলেক্ট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যানন। নতুন এই সেন্সরের মাধ্যমে ১৮ কিলোমিটার দূরের উড়োজাহাজের গায়ের লেখা পড়া যাবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
ক্যাননের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নতুন এই সেন্সরটি চিপ থেকে প্রতি সেকেন্ডে ১.২৫ বিলিয়ন পিক্সেল ডেটা গ্রহণ করতে পারে। আর ভালমানের ছবি নিশ্চিত করতে রাখা হয়েছে উন্নত সিগন্যাল প্রসেসিং সিস্টেম।
অভিজ্ঞ আলোকচিত্রীদের অনেকেই যে ‘মিলিয়ন ডলার’ প্রশ্নটি সম্ভবত করবেন তার জবাব হল, না এই সেন্সর ‘ফুল ফ্রেম’ নয়। এর আকার ৩৫ মিলিমিটার ক্যামেরা সেন্সরের চেয়ে ছোট।
২৯.২ মিলিমিটার বাই ২০.২ মিলিমিটার আকারের এই সেন্সরের প্রতিটি পিক্সেল ১.৫ মাইক্রন। নতুন এই সেন্সর দিয়ে ভিডিও করা যায়। তবে, এটি প্রতি সেকেন্ডে মাত্র ৫টি ফ্রেম ধারণ করতে সক্ষম, যা একটি ছবি তৈরি করার জন্য অনেক ধীর গতিসম্পন্ন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
২৫০ মেগাপিক্সেল এই সেন্সর দিয়ে ধারণকৃত ভিডিও, এইচডি ভিডিও থেকে ১২৫ গুণ বেশি পরিপূর্ণ। এ ছাড়া ৪কে ভিডিওর চেয়েও এর রেজুলিউশানের ৩০ গুণ বেশি।
তবে, এই সেন্সর প্রচলিত ক্যামেরা এবং স্মার্টফোনে ব্যবহার করা যাবে না।
