২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোপনে ছবি তোলে পর্ন অ্যাপ

ডিভাইস লক করে দিয়ে এবং ব্যবহারকারীর অজান্তে তোলা বিব্রতকর ছবি অনলাইনে ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে মুক্তিপণ আদায় করে এমন নতুন ম্যালওয়্যার আবিষ্কার করেছে সাইবার নিরাপত্তাবিষয়ক মার্কিন প্রতিষ্ঠান জিস্ক্লার।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 10:06 AM

Updated : 22 Aug 2022, 01:11 PM

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ‘অ্যাডাল্ট প্লেয়ার’ নামের ওই ম্যালওয়্যারটি গোপনে মোবাইল ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ব্যবহারকারীর বিব্রতকর ছবি তুলে নিত। এরপর অ্যান্ড্রয়েড ডিভাইসটি লক করে দিয়ে ৫শ’ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করা হত।

এ ধরনের মুক্তিপণ দাবিকারী সফটওয়্যারকে বলা হয় ‘র‌্যানসমওয়্যার’। সাইবার অপরাধীদের জন্য এটি এখন বেশ লাভজনক একটি আয়ের খাত হয়ে উঠেছে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

ইউরোপে ইনটেল সিকিউরিটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা রাজ সামানি বলেন, “এ ধরনের বিব্রতকর অবস্থার উপর অ্যাপগুলো নির্ভর করে। আপনি যদি টাকা না দেন তা হলে আপনার সম্মানহানি হতে পারে।” এমন র‌্যানসমওয়্যার তৈরি করে একদল সাইবার অপরাধী দশ সপ্তাহে ৭৫ হাজার মার্কিন ডলার আয় করেছে বলে জানান তিনি।

২০১৪ সাল থেকে এখন পর্যন্ত এই ধরনের ম্যালওয়্যারের সংখ্যা ১২৭ গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ইনটেল সিকিউরিটি।

অ্যাপটি ডিভাইসের স্ক্রিন সবসময় চালু রাখে এবং ডিভাইস রিস্টার্ট করার পরও অবস্থার পরিবর্তন হয়না বলে জানিয়েছে জিস্ক্লার। অ্যাডাল্ট প্লেয়ার অ্যাপটি কেউ ডাউনলোড করে ফেললে ডিভাইস ‘সেইফ মোড’-এ রিবুট করার মাধ্যমে সমাধান পাওয়া যেতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগল প্লের মতো পরীক্ষিত অ্যাপ স্টোর থেকে অ্যাডাল্ট প্লেয়ার সংক্রমণের আশঙ্কা নেই, ওয়েবপেইজ থেকে সরাসরি ইনস্টল করতে হয় এটি। তাই গুগল প্লে স্টোরের মতো নির্ভরযোগ্য উৎস থেকে অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দিয়েছেন সামানি।