দ্রুত গতির আর বিদ্যুৎ সাশ্রয়ী নতুন ক্রোম
ওয়েব ব্রাউজার ক্রোম-এর নতুন সংস্করণ উন্মুক্ত করেছে মার্কিন ওয়েব জায়ান্ট গুগল। বলা হচ্ছে নতুন সংস্করণে ব্রাউজিংয়ের গতি বাড়বে, সাশ্রয় হবে ডিভাইসের বিদ্যুৎ শক্তি।
সিএনএন জানিয়েছে, ব্রাউজিংয়ের গতি বাড়ানোর জন্য কম্পিউটারের মেমোরিতে জমে থাকা ‘গার্বেজ’ বা অপ্রয়োজনীয় ডেটা স্বয়ংক্রিয়ভাবে খুঁজে বের করবে ক্রোম ব্রাউজারের নতুন সংস্করণ। সময় মতো মেমোরি থেকে মুছে দেওয়া হবে সেই ডেটা।
নানা ধরনের এক্সটেনশন, ব্যাকগ্রাউন্ড অ্যাপস ও ডেটার কারণে ক্রোম ব্রাউজার বেশ ধীর গতির হয়ে যেত বলে জানিয়েছে সিএনএন।
গুগলের বরাত দিয়ে সাইটটি জানিয়েছে, নতুন সংস্করণের মেমোরি ব্যবহারের ১০ থেকে সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্তও কমানো সম্ভব হবে।
এ ছাড়াও বিভিন্ন ওয়েবসাইটের অপ্রয়োজনীয় ফ্ল্যাশ অ্যানিমেশন স্বয়ংক্রিয়ভাবে থামিয়ে দেবে ক্রোম। এর ফলে স্মার্টফোন বা ল্যাপটপের ব্যাটারির চার্জের স্থায়িত্ব ১৫ শতাংশ পর্যন্ত বাড়াবে বলে দাবি করেছে গুগল। প্রতিষ্ঠানটির ল্যাব টেস্টে এ তথ্য পাওয়া যায়।
