এআই খাতে টয়োটার ৫ কোটি ডলার
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার সংক্রান্ত গবেষণায় ৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপানের অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা।
সেপ্টেম্বর মাসের প্রথম শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের পলো অ্যালটোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি ওই ঘোষণা দেয় বলে জানিয়েছে ম্যাশএবল।
নতুন এই বিনিয়োগের পাশাপাশি টয়োটা এখন থেকে কৃত্তিম বুদ্ধিমত্তা সংক্রান্ত গবেষণায় স্ট্যানফোর্ড এবং এমআইটির সঙ্গে কাজ করবে বলে জানানো হয় ওই সংবাদ সম্মেলনে।
ম্যাশএবল জানিয়েছে, এআই নিয়ে টয়োটার প্রকল্পের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ‘দ্য ডিফেন্স অ্যাডভান্সড রিসার্স প্রজেক্ট এজেন্সি’(ডার্পা)-এর রোবটিক্স গবেষক ডক্টর গিল প্র্যাট।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং বয়স্কদের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া সহজ করতে টয়োটা নতুন এই প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল।
ডক্টর প্র্যাটের বরাত দিয়ে ম্যাশএবল জানিয়েছে, ওই প্রকল্পে গাড়িতে ব্যবহৃত ‘ইন্টেলিজেন্ট টেকনোলজির’ উন্নয়নে জোর দেয়া হবে। এর ফলে বিভিন্ন পরিবেশে গাড়ির আশপাশে কোনো বস্তু আছে কিনা তা শনাক্ত করা সহজ হবে। এ ছাড়া অন্যান্য যানবাহন আর পথচারীর নিরাপত্তাও নিশ্চিত করা যাবে।
স্বচালিত গাড়ি নিয়ে যখন বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে তখনই এই ঘোষণা দিল টয়োটা। ইতোমধ্যে চালকবিহীন গাড়ি নির্মাণে গুগল, অ্যাপল এবং উবারের মতো প্রতিষ্ঠান একাধিক প্রকল্প নিয়ে কাজ করছে।
