২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চাইল স্পটিফাই

গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছেন স্পটিফাইয়ের প্রধান নির্বাহী ড্যানিয়েল এক। জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং সেবাটির নতুন ডেটা প্রাইভেসি পলিসি নিয়ে সাধারণ গ্রাহকরা খেপে যাওয়ায় একরকম বাধ্য হয়েই ক্ষমা চেয়েছেন স্পটিফাইয়ের প্রধান নির্বাহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 06:20 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্পটিফাইয়ের শর্ত ও নিয়মাবলী পরিবর্তনের পর অনেক গ্রাহকই সেবাটি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

এক ব্লগ পোস্টে স্পটিফাই প্রধান নতুন ডেটা প্রাইভেসি পলিসির কারণে যে ‘ভুল বোঝাবুঝি’ হয়েছে, তার জন্য ক্ষমা চেয়ে নতুন নীতিমালা আপডেট করা হবে বলে জানিয়েছেন। ওই ব্লগপোস্টে তিনি বলেন, “আমাদের উচিত ছিল এই নীতিমালা কেন প্রয়োজন ও সংগৃহিত ডেটা কোথায় ব্যবহার করা এবং হবে না সে ব্যাপারে আরও পরিষ্কারভাবে জানানো।” 

স্পটিফাইয়ের নতুন ডেটা প্রাইভেসি পলিসি গ্রাহকের স্মার্টফোনের ছবি, কনট্যাক্ট এবং সেন্সর ডেটা সংগ্রহ করবে। আর এতেই খেপেছেন সাধারণ ব্যবহারকারীরা।   

এক ব্লগপোস্টে স্পটিফাইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, স্বচ্ছতার প্রয়োজনেই নতুন শর্ত ও নিয়ামাবলী আরোপ করা হয়েছে। ওই ব্লগপোস্টে আরও বলা হয়েছিল, “কী ভাবে আমাদের প্রতিষ্ঠান বিজ্ঞাপনদাতাদের সঙ্গে কাজ করে থাকে, কী তথ্য সংগ্রহ করা হয় এবং সেই সব তথ্য কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় ইত্যাদি বিষয় ব্যাখ্যার প্রয়োজনে, আমরা ব্যবসার ব্যাপারে যতোটা মুক্তমনা ও স্বচ্ছ হওয়া সম্ভব, সেটা করতে চাচ্ছি।”

স্পটিফাইয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ৫৮টি দেশে সাড়ে সাত কোটি সচল গ্রাহক এবং দুই কোটি সাবস্ক্রাইবার রয়েছে মিউজিক স্ট্রিমিং সেবাটির।