২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপ্যাডে ‘ফোর্স-টাচ স্টাইলাস’!

বলা হচ্ছে অ্যাপলের বহুল আলোচিত ১২.৯ ইঞ্চির ‘আইপ্যাড প্রো’ ট্যাবলেটের নির্মাণ শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। এই বিষয়ে সম্প্রতি এক বাজার বিশ্লেষক জানিয়েছেন, বড় ডিসপ্লেতে নেভিগেশন সহজ করার জন্য ‘ফোর্স-টাচ স্টাইলাস’ অ্যাক্সেসরিজ থাকবে অ্যাপলের নতুন ট্যাবলেটে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 03:45 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

এক প্রতিবেদনে ম্যাকরিউমার্স ডটকম জানিয়েছে, আইপ্যাডের অ্যাক্সেসরিজ নিয়ে নতুন ভবিষ্যদ্বাণীটি করেছেন কেজিআই সিকিউরিটিসের বাজার বিশ্লেষক মিং-চি কুও। ওই বিশ্লেষকের দাবি ‘আইপ্যাড প্রো’-এর জন্য ‘ফোর্স-টাচ স্টাইলাস’ অ্যাক্সেসরিজ নির্মাণের দায়িত্ব পাবে চেং উয়েই নামের একটি প্রতিষ্ঠান।

ওই বাজার বিশ্লেষকের মতে অ্যাপল ওয়াচ এবং ম্যাকবুক প্রো’র ফোর্স-টাচ ফিচার নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়ার ভিত্তিতে অ্যাপল আইপ্যাডে এই প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে এমনটা নয়। ফোর্চ-টাচ ফিচারের জন্য যে নতুন আইপ্যাডের বিক্রিও রাতারাতি বেড়ে যাবে এমন ধারণা করাও ভুল হবে। বরং সব পণ্যে একই রকমের ফিচার রাখার প্রথা বজায় রাখার জন্যই নতুন আইপ্যাডে ফোর্স-টাচ অ্যাক্সেসরিজ যোগ করবে অ্যাপল।

অ্যাপল অন্য কোনো প্রতিষ্ঠান দিয়ে স্টাইলাস অ্যাক্সেসরিজ বানিয়ে নেবে এমন গুজব শোনা যাচ্ছিল চলতি বছরের শুরু থেকেই। সেবারও স্টাইলাস অ্যাক্সেসরিজ নিয়ে আলোচনার মূল সূত্রই ছিল কুওর কাছ থেকে পাওয়া তথ্য। আর নতুন আইপ্যাডের ডিসপ্লের আকার নিয়ে গুজব শোনা যাচ্ছে ২০১৪ সাল থেকেই। শুরুতে নতুন আইপ্যাডে ১২.২ ইঞ্চির ডিসপ্লে থাকবে শোনা গেলেও, পরবর্তীতে ১২.৯ ইঞ্চির ডিসপ্লের গুজবই শোনা যাচ্ছে বেশি। 

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এজেড/এইচবি/অগাস্ট ২০/১৫