‘এম’ মানে মার্শমেলো!
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ‘এম’ এর সম্পূর্ণ নাম সম্পর্কে জানিয়েছে ওয়েব জায়ান্ট গুগল। গুগলের তথ্য অনুসারে, অ্যান্ড্রয়েড ‘এম’ এর পূর্ণ নাম হচ্ছে অ্যান্ড্রয়েড মার্শমেলো।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, মাউন্টেন ভিউয়ে অবস্থিত নিজস্ব ক্যাম্পাসে অ্যান্ড্রয়েড মার্শমেলোর ভাস্কর্য উন্মোচন করেছে গুগল।
অপারেটিং সিস্টেম মার্শমেলো প্রসঙ্গে অ্যান্ড্রয়েড ডেভেলপার্স ব্লগে বলা হয়েছে, “কে না পছন্দ করে মার্শমেলো? আমরা অবশ্যই পছন্দ করি। মে মাসে গুগল আই/ও-তে এম ডেভেলপার প্রিভিউ লঞ্চ করার পর থেকে, আমরা এ সম্পর্কে আপনাদের অংশগ্রহণ ও প্রতিক্রিয়া উপভোগ করেছি।
আজ চূড়ান্ত ডেভেলপার প্রিভিউ আপডেটে, আমরা আপনাদের অফিশিয়াল অ্যান্ড্রয়েড ৬.০ এসডিকের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এবং অ্যান্ড্রয়েড মার্শমেলোর এপিআই লেভেল ২৩-এর জন্য আপনারা যাতে অ্যাপ পাবলিশ করতে পারেন, সেজন্য গুগল প্লের দরজা খুলে দিচ্ছি।”
এ ঘোষণা থেকে প্রত্যাশা করা হচ্ছে, খুব শীঘ্রই সর্বসাধারণের হাতে চলে আসতে যাচ্ছে অ্যান্ড্রয়েড মার্শমেলো। তবে ঠিক কবে নাগাদ আসতে পারে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি বলেই জানিয়েছে টেকক্রাঞ্চ।
