২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুঁত ধরায় ইন্টার্নশিপ বাতিল!

ফেইসবুক মেসেঞ্জারের খুঁত ধরায় এক হার্ভার্ড শিক্ষার্থীর ইন্টার্নশিপ বাতিল করেছে সামাজিক যোগাযোগের মাধ্যমটির কর্তৃপক্ষ। ফেইসবুক মেসেঞ্জারের ডিফল্ট সেটিং হিসেবে ব্যবহারকারীর জিও-লোকেশন সম্পর্কিত তথ্য সংগ্রহ এবং গ্রুপ চ্যাটে ওই ব্যক্তির অবস্থান দেখা যাওয়ার ‘ত্রুটি’ আবিষ্কার করে ফেঁসে গেছেন হার্ভার্ড শিক্ষার্থী আরান খান্না।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 03:52 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

ফক্সনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ফেইসবুক মেসেঞ্জারের অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণের মাধ্যমে ব্যবহারকারীর জিও-লোকেশন সম্পর্কিত তথ্য সংগ্রহ নিয়ে ‘মারুডার্স ম্যাপ’ নামের একটি ব্রাউজার অ্যাপ বানিয়েছিলেন খান্না। ব্যবহারকারীর অবস্থান সম্পর্কিত কোন কোন ডেটা স্বয়ংক্রিয়ভাবে শেয়ার করা হচ্ছে সেগুলো দেখা যেত ওই ব্রাউজার অ্যাপে।

চলতি বছরের ২৬ মে নিজের তৈরি ক্রোম ব্রাউজার এক্সটেনশনের ব্যাপারে টুইট করেন তিনি। ২৮ মে নাগাদ সিএনএন এবং ওয়াশিংটন পোস্টের মতো বিভিন্ন প্রভাবশালী সংবাদমাধ্যম এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। একই দিনে খান্নার সঙ্গে যোগাযোগ করে অ্যাপটি বন্ধ করে দিতে বলে ফেইসবুক কর্তৃপক্ষ। ফেইসবুকের কথা মেনে অ্যাপটি বন্ধও করে দেন তিনি।

৪ জুন নাগাদ মেসেঞ্জার অ্যাপের নতুন আপডেট ইসু করে ফেইসবুক যাতে জিও-লোকেশন ট্র্যাকিংয়ের ফিচারটি চালু করা ব্যবহারকারীদের জন্য বাধ্যতামূলক করা হয়। একইসঙ্গে বাতিল করা হয় খান্নার ইন্টার্নশিপ। ১ জুলাই থেকে ইন্টার্ন হিসেবে ফেইসবুকে কাজ শুরু করার কথা ছিল তার। 

অন্যদিকে ফেইসবুক কর্তৃপক্ষের দাবি, ইন্টার্নদের কাছ থেকে যে নৈতিক মাণ আশা করা হয় তার বিপরীতে গিয়েছেন খান্না। তার অ্যাপটি যেভাবে ফেইসবুক মেসেঞ্জারের তথ্য সংগ্রহ করতো তা নিজস্ব নীতিমালা লঙ্ঘন করে বলে দাবি ফেইসবুকের।

অন্যদিতে খান্নার দাবি তার নিজস্ব মেসেঞ্জার অ্যাপের ডেটার ভিত্তিতেই তৈরি করা হয়েছিল ‘মারুডার্স ম্যাপ’। সম্প্রতি হার্ভার্ডে ‘টেকনোলজি সায়েন্স জার্নালে’ ২০১১ সাল থেকে ২০১৫ সালের মে মাস পর্যন্ত ফেইসবুক মেসেঞ্জারের অ্যান্ড্রয়েড সংস্করণের জিও-লোকেশন ডেটা সংগ্রহ নিয়ে নিজের আবিষ্কার সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেন এই শিক্ষার্থী।