২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যান্ড্রয়েডে সর্ষের ভূত!

নিরাপত্তা ত্রুটি সমাধানে নিয়ে আসা অ্যান্ড্রয়েড আপডেটেও রয়েছে নিরাপত্তা সমস্যা। গবেষকরা জুলাই মাসে অপারেটিং সিস্টেমের ওই নিরাপত্তা ত্রুটির ব্যাপারে   অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জানিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 01:06 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, অপারেটিং সিস্টেমের ওই নিরাপত্তাজনিত সমস্যাটির কারণে ঝুঁকির মুখে রয়েছেন শত কোটিরও বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী।    

নিরাপত্তা প্রতিষ্ঠান জিমপেরিয়াম এপ্রিলে প্রথম অ্যান্ড্রয়েডের ওই নিরাপত্তা ত্রুটিটি আবিষ্কার করে। নিরাপত্তা ত্রুটিটির ফলে শুধু একটি ভিডিও মেসেজ পাঠানোর মাধ্যমেই হ্যাকাররা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সব ডেটা ও অ্যাপে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে বিবিসি।

বিবিসি’র তথ্য অনুসারে, জিমপেরিয়ামের পক্ষ থেকে গুগলকে এ সমস্যা সম্পর্কে জানানো হয় এবং ত্রুটি ঠিক করার লক্ষ্যে একটি প্যাচ দেয়া হয়। পরবর্তীতে গুগল অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণেও ওই প্যাচটি যুক্ত করেছিল।

কিন্তু বৃহস্পতিবার নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যাক্সিডাস ইন্টিলিজেন্স জানিয়েছে, আদতে নিরাপত্তা ত্রুটিটির কোনো সমাধান হয়নি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, এটি ঠেকাতে যে প্যাচ রয়েছে তা খুব সহজেই তাদের গবেষক জর্ডান গ্রুসকভনাক এড়িয়ে যেতে পেরেছেন।

এ প্রসঙ্গে নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যাক্সিডাস ইন্টিলিজেন্স-এর মন্তব্য করেছে, গুগল নিরাপত্তা ত্রুটিটির ব্যাপারে ১২০ দিনেরও বেশি সময় যাবত জানে, কিন্তু এখনও এটি ঠিক করা হয়নি।