ফেইসবুক আনছে ‘ব্রেকিং নিউজ’
অনলাইনের সবকিছুতেই বুঝি নিজের ভাগ চাই সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যম ফেইসবুকের। এবার ব্যবহারকারীর স্মার্টফোনে সরাসরি ‘ব্রেকিং নিউজ অ্যালার্ট’ পাঠানোর অ্যাপ তৈরি করছে মার্কিন প্রতিষ্ঠানটি।
ব্যবসা-বাণিজ্য ও প্রযুক্তিবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে জানিয়েছে, এখনও প্রাথমিক পর্যায়ে আছে অ্যাপটির নির্মাণ প্রক্রিয়া। তবে অ্যাপটিতে নোটিফিকেশন পাওয়ার জন্য পছন্দের সংবাদমাধ্যম নির্দিষ্ট করে দিতে পারবেন ব্যবহারকারী।
শুধু সংবাদমাধ্যম নয়, সংবাদের মূল বিষয়বস্তুও আগে থেকেই নির্দিষ্ট করে দেওয়া যাবে। ওই বিষয়ে যখনই কোনো ‘ব্রেকিং নিউজ’ আসবে, সর্বোচ্চ একশ’ অক্ষরের পুশ নোটিফিকেশন চলে যাবে ব্যবহারকারীর স্মার্টফোনে।
নির্দিষ্ট কয়েকটি প্রকাশনা সংস্থা ফেইসবুকের সঙ্গে এই প্রকল্পে অংশ নেবে বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার। তবে এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন এক ফেইসবুক মুখপাত্র।
নানা সংবাদের হাব হিসেবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে আলাদা অবস্থান গড়ে নিয়েছে ফেইসবুক। সম্প্রতি আইওএস আর অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য ‘ব্রেকিং নিউজ ট্যাব’ নামের নতুন একটি ফিচার চালু করেছে ফেইসবুকের প্রাক্তন শীর্ষ প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান টুইটারও।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, এখনও পরীক্ষামূলক ‘আলফা’ পর্যায়ে আছে অ্যাপটি। এটি আদৌ সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে কি না, হলে এর নাম কী হবে সেটি নিশ্চিত করতে পারেনি মার্কিন সাইটটি।
