২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহজে বাঁকবে না নতুন আইফোন

আসন্ন আইফোন ৬এস-এর শক্তিশালী ধাতব বডির কারণে এর বেঁকে যাওয়ার আশঙ্কা খুব কম বলে জানিয়েছেন ইউটিউবার লুইস হিলসেন্টেজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 07:13 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

নতুন আইফোনের বাণিজ্যিক নাম অ্যাপল প্রকাশ না করলেও প্রযুক্তি বিশ্বে আসন্ন ওই মডেলদুটিকে ‘৬এস’ এবং ‘৬এস প্লাস’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, আইফোন ৬এস-এর অ্যালুমিনিয়াম কেসিং সম্পর্কে হিলসেন্টেজার নিজস্ব মতামত তার ইউটিউব চ্যানেলের এক ভিডিও’তে জানিয়েছেন।

আগের কিছু সংখ্যক প্রতিবেদন থেকে জানা গিয়েছিল, নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল আইফোন ৬এস ও ৬এস প্লাস-এর বডির জন্য শক্তিশালী ৭০০০ সিরিজ অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম ব্যবহার করতে যাচ্ছে। উল্লেখ্য, অ্যাপল ওয়াচ স্পোর্টের বডি তৈরিতেও একই ধাতু ব্যবহার করা হয়েছে।

ইউটিউব ভিডিওতে হিলসেন্টেজার সেসব প্রতিবেদনের তথ্যগুলো সমর্থন করে নিজস্ব মতামত হিসেবে জানান, শক্তিশালী ওই ধাতু বডি তৈরিতে ব্যবহার করায় আইফোন ৬এস সহজে বাঁকানো সম্ভব হবে না।

এ ছাড়াও হিলসেন্টেজার একটি ডিজিটাল ক্যালিপার-এর (অভ্যন্তরীন এবং বাহ্যিক ডাইমেনশন পরিমাপক) মাধ্যমে আইফোন কেসিংয়ের নির্দিষ্ট কিছু স্থান চিহ্নিত করেন, বিশেষ করে ভলিউম বাটনের পার্শ্ববর্তী স্থান। কারণ ওই স্থানটিকে আইফোন ৬-এর দুর্বলতম একটি অংশ হিসেবে বিবেচনা করা হয়েছিল।

মজার ব্যাপার হচ্ছে ভিডিওতে দেখা গেছে, নতুন কেসিং আকারে একটু মোটা হলেও ওজনের দিক থেকে অনেকটাই হালকা। এ বছরের সেপ্টেম্বরেই নতুন আইফোন দুটি বাজারে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।