গুগল কাঠামোয় আমূল রদবদল
অ্যালফাবেট নামে প্রতিষ্ঠিত নতুন এক মূল প্রতিষ্ঠানের অধীনে এখন থেকে পরিচালিত হবে ওয়েব জায়ান্ট গুগলের বহুল পরিচিত ব্যবসায়গুলো। এছাড়া সার্চ ইঞ্জিন গুগলের নতুন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির বর্তমান ভাইস-প্রেসিডেন্ট সুন্দর পিচাই।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, প্রধান প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী হিসেবে থাকছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন গুগলের অপর সহ-প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন।
কাঠামোগত এ পরিবর্তনের ফলে গুগলের সার্চ সেবা, অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব, অ্যাপস এবং অ্যান্ড্রয়েড থেকে শুরু করে স্মার্ট-হোম ইউনিট নেস্ট ও ড্রোন গবেষণা পর্যন্ত সব ব্যবসায় প্রতিষ্ঠানই অ্যালফাবেটের অধীনে থাকবে বলে জানিয়েছে বিবিসি।
সাম্প্রতিক এ পদক্ষেপ প্রসঙ্গে গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ এক ব্লগপোস্টে বলেছেন, “নতুন এ কাঠামোটির ফলে গুগলের অভ্যন্তরে যে অসাধারণ ও অনন্য সুযোগ রয়েছে আমরা সেদিকটিতে আরও বেশি মনোযোগ দিতে পারব।” পেইজ আরও জানান, গুগল বর্তমানে ভালোভাবেই পরিচালিত হচ্ছে। কিন্তু তারা মনে করছেন, প্রতিষ্ঠানটিকে আরও দায়িত্বশীল ও স্বচ্ছ্ব করে তোলা সম্ভব।
নতুন কাঠামো অনুযায়ী, গুগলের বর্তমান চেয়ারম্যান এরিক স্মিট এখন থেকে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও গুগলের নতুন প্রধান অর্থ কর্মকর্তা রুথ পোরাট গুগল এবং অ্যালফাবেট দুটি প্রতিষ্ঠানেই একই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে বিবিসি।
অন্যদিকে গুগলের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বিজিসি পার্টনারস-এর বিনিয়োগ বিশ্লেষক কলিন গিলিস মন্তব্য করেছেন, নতুন এই কাঠামোটি গুগলের ব্যবসায়িক কৌশল ও নতুন পণ্য উৎপাদন সম্পর্কিত খরচ সম্পর্কে বিনিয়োগকারীদের পরিষ্কার একটি ধারণা দিতে পারবে।
