দেশে শুরু হলো ‘টেলিনর ইয়ুথ ফোরাম ২০১৫’
টেলিনর ইয়ুথ ফোরাম-এ বাংলাদেশ থেকে অংশ নিতে ইচ্ছুকদের নিবন্ধন শুরু হয়েছে। বিশ্বব্যাপী তরুণদের ক্ষমতায়নের জন্য টেলিনর গ্রুপের আয়োজনে এই ফোরামের লক্ষ্য সমাজে প্রযুক্তিগত রূপান্তরের বিষয়ে প্রভাব বিস্তারকারী তরুণদের মধ্যে সংযোগ ঘটানো- বলা হয়েছে গ্রামীণফোনের এক বিজ্ঞপ্তিতে।
রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের পক্ষ থেকে এই ফোরামের বিষয়ে ঘোষণা দেওয়া হয়।
ইয়ুথ ফোরামটি আয়োজিত হবে এ বছর ডিসেম্বর মাসে অসলোতে। এ ফোরামে বিশ্বের ১৩টি দেশ থেকে প্রভাবশালী তরুণেরা অংশ নেবেন।
“প্রযুক্তির উত্থানের এই সময়ে তরুণদের একসঙ্গে কাজ করার একটি মঞ্চ করে দেয়ার মাধ্যমে একটি প্রজন্মের ক্ষমতায়ন নিশ্চিত করাই এই ইয়ুথ ফোরামের উদ্দেশ্য। এ বছর এ ফোরামের বিষয় নির্ধারিত হয়েছে “সবার জন্য জ্ঞান”।”
প্রথম ধাপে স্থানীয়ভাবে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী, তরুণ শিক্ষাবিদ ও উদ্ভাবকেরা এ প্রতিযোগিতার জন্য নিবন্ধন করতে পারবেন। ধারণা করা হচ্ছে, নিবন্ধনের সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা, ডিজিটাল কমিউনিকেশন সমাজের একটা বড় অংশের মানুষের শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রের ওপর প্রভাব ফেলে এ নিয়ে তাদের নিজস্ব ভাবনা ও দৃষ্টিভঙ্গী উপস্থাপন করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অফ এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল ও গ্রামীণফোনের সেন্টার অব এক্সপারটাইজ, পিপলস অ্যান্ড অর্গানাইজেশন বিভাগের পরিচালক সৈয়দ তানভীর হোসেন।
টেলিনর গ্রুপের ব্যবসা আছে বাংলাদেশসহ এমন ১৩টি দেশের প্রতিটি থেকে দুজন করে প্রতিযোগী নরওয়ে মূল প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবেন। ২৮ বছর বয়সের নিচে মুক্তমনা ও দৃঢ়চেতা তরুণ, যাদের ভাবনার জায়গাটা এখনো নবীন ও সৃষ্টিশীল, তারা অসলোর মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হবেন।
এ সম্পর্কে আরও তথ্য জানা যাবে http://www.telenor.com/youthforum/ সাইট থেকে।
