২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফায়ারফক্সের নতুন নিরাপত্তা ঝুঁকি

ফায়ারফক্স ব্রাউজারে নতুন একটি বাগের উপস্থিতি নিয়ে সতর্ক করে দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান মোজিলা। বাগটি মোকাবেলায় ফায়ারফক্স ব্রাউজারের নতুন সংস্করণ ‘ফায়ারফক্স ৩৯.০.৩’ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 03:16 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন বাগটি আবিষ্কার করেন ফায়ারফক্স ব্রাউজারের এক সাধারণ ব্যবহারকারী। গোপন রাখা হয়েছে এমন একটি রাশিয়ান নিউজ সাইটরে অ্যাড-অন ওই বাগের মাধ্যমে ব্যবহারকারীদের গোপন তথ্য ইউক্রেইনের এক সার্ভারে আপলোড করছিল বলে জানিয়েছে সাইটটি।

প্রতিদিনই আইওএস, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বা অ্যাডোবি ফ্ল্যাশের নতুন কোনো বাগ আবিষ্কারের খবরে সাধারণ ব্যবহারকারীরা এখন একরকম অভ্যস্ত হয়ে গেছেন বলে মন্তব্য করেছে সিনেট। তবে শীর্ষস্থানীয় অপারেটিং সিস্টেমগুলোর তুলনায় ফায়াফক্সের বাগটি মোকাবেলা করা তুলনামূলক সহজ বলে মন্তব্য সাইটটির।

আইওএস, উইন্ডোজ আর অ্যান্ড্রয়েডে সিকিউরিটি আপডেটের জন্য ব্যবহারকারীদের লম্বা সময় অপেক্ষা করতে হলেও ফায়াফক্সের বাগটি মোকাবেলা করা যাবে ব্রাউজার সফটওয়্যারটি আপডেট করেই।

সিনেটের প্রতিবেদন অনুযায়ী, বাগটির শিকার হয়েছে মূলত ফায়াফক্সের উইন্ডোজ আর লিনাক্স সংস্করণ। এখনও কোনো আইওএস ডিভাইসে ফায়ারফক্স বাগটির উপস্থিতি খবর পাওয়া যায়নি। আর ফায়ারফক্সে মোবাইল অ্যাপেও উপস্থিতি নেই ওই বাগটির।