ড্রোন রপ্তানিতে নিরাপত্তা শংকা চীনের
১৫ অগাস্ট থেকে নিজেদের হাই-পারফরমেন্স ড্রোন ও সুপারকম্পিউটারের রপ্তানি সীমিত করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় (এমওসি)। সংবাদমাধ্যম চায়না ডেইলি’র তথ্য অনুযায়ী, ‘জাতীয় নিরাপত্তা’ লংঘন হতে পারে এমন আশঙ্কা থেকেই এই নতুন আইন প্রণয়ন করেছে চীন।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, নতুন আইন অনুসারে, অ্যাডভান্সড ড্রোন ও সুপারকম্পিউটার রপ্তানির আগে তা নিবন্ধিত করে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মতি নিতে হবে।
আইন অনুসারে, ঘন্টাখানেকরও বেশি সময়, ৫০ ফিটেরও বেশি উচ্চতায় এবং খারাপ আবহাওয়াতেও উড্ডয়ন করতে পারে এমন ড্রোনগুলোকে অ্যাডভান্সড ড্রোন হিসেবে বিবেচনা করবে চীন সরকার। এসব ড্রোন রপ্তানির জন্য নিবন্ধিত করার সময় নির্মাতা প্রতিষ্ঠানকে ড্রোনের সঙ্গে সেটির কারিগরি স্পেসিফিকেশনও জমা দিতে হবে বলে উল্লেখ করা হয়েছে আইনে। আইনে আরও বলা হয়েছে, রপ্তানি সম্মতি দেওয়া হবে কিনা তা ৪৫ কার্য্যদিবসের মধ্যে জানানো হবে।
ম্যাশএবলের তথ্য অনুযায়ী, সুপারকম্পিউটারের ক্ষেত্রে ৮ টেরা ফ্লোটিং-পয়েন্ট অপারেশন প্রতি সেকেন্ডের চেয়ে দ্রুতগতির কোনো কম্পিউটার রপ্তানি করা হবে না বলে জানিয়েছে চীন।
