২ হাজার ডলারের হেডফোন!
প্রযুক্তিপণ্যের বাজারে সস্তা হেডফোনের অভাব নেই। সাধের স্মার্টফোন বা গান শোনার ডিভাইসের আসল হেডফোন হারিয়ে ফেললে বা নষ্ট হয়ে গেলে ব্যবহারকারীদের সিংহভাগই বেছে নেন ওই সস্তা হেডফোনগুলো। বিশ্ববাজারের দৃশ্যপট যখন এমন, তখন ২ হাজার ডলার দামের হেডফোন বাজারজাত করে সাফল্য পাচ্ছে মার্কিন প্রতিষ্ঠান ‘অডিজ (Audeze)’।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রেতাদের ‘সবচেয়ে সেরা শোনার অভিজ্ঞতা’ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে অডিজ। অডিও ভক্ত এবং সংশ্লিষ্ট শিল্পের বিশেষজ্ঞদের নজর কাড়তে সক্ষম হয়েছে অডিজের হেডফোন জোড়া।
এ ব্যাপারে অডিজ সিইও শঙ্কর থিয়াগাসামুডরামের বক্তব্য, “যে কারণে আমাদের হেডফোন এত জনপ্রিয় সেটা হল শব্দের যে গুণগত মান আমরা সরবরাহ করতে পারি।” ২০০৮ সালে এক বন্ধুর সঙ্গে হেডফোন ডিজাইন করা শুরু করেছিলেন তিনি।
অডিজের হেডফোন জোড়ার জটিল কারিগড়ি গঠনই এর দামের একক কারণ নয়। বাহ্যিক ডিজাইনেও বেশ ব্যয়বহুল ওই হেডফোন জোড়া।
সিএনএন জানিয়েছে, অডিজের এক জোড়া হেডফোন তৈরিতে সময় লাগে চার দিন। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি আর এশিয়ার বিভিন্ন অঞ্চলে হেডফোনগুলোর জনপ্রিয়তা বাড়ায় গত এক বছরে বিক্রি দ্বিগুণ হয়েছে অডিজের।
