এবার টেসলার গাড়ি ‘হ্যাকড’
এবার মার্কিন অটোমোবাইল নির্মাতা টেসলা মটর্সের তৈরি ইলেকট্রিক গাড়ি ‘মডেল এস’ হ্যাক করতে সক্ষম হয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকরা। অনবোর্ড কম্পিউটার হ্যাক করে ইঞ্জিন বন্ধ করে রাস্তার মাঝখানে গাড়িটি দাঁড় করিয়ে দেন তারা।
বিবিসি জানিয়েছে, দুই সাইবার নিরাপত্তা গবেষক মডেল এসের অনবোর্ড কম্পিউটারের দুর্বলতা আবিষ্কার করার পর হ্যাকিংয়ের ঝুঁকি মোকাবেলায় সফটওয়্যার আপডেট ইসু করেছে টেসলা মটর্স।
সাইবার নিরাপত্তা ইসু মোকাবেলা করতে নিরাপত্তা গবেষকদের সঙ্গে কাজ করা হচ্ছে বলে দাবি করেছে টেসলা।
মডেল এসের অনবোর্ড কম্পিউটার সিস্টেমে ছয়টি দুর্বলতা আবিষ্কার করেন সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ক্লাউডপ্লেয়ারের গবেষক মার্ক রজার্স এবং লুকাউটের কেভিন মাহাফে। তাদের গবেষণার বিস্তারিত তথ্য জানানো হবে লাস ভেগাসে চলতি ‘ডেফ কন’ সম্মেলনে।
তবে প্রাথমিক তথ্য প্রকাশের সময় মডেল এসের ভুয়া কমান্ড চিহ্নিত করার ক্ষমতার জন্য টেসলার প্রশংসা করেছেন ওই দুই সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ।
জুলাই মাসেই আরেক অটোমোবাইল নির্মাতা ফিয়াট ক্রাইসলারের জিপ চেরোকির অনবোর্ড সফটওয়্যার বড় দুর্বলতা আবিষ্কার করেন সাইবার নিরাপত্তা গবেষকরা। ওই সাইবার দুর্বলতার কারণে পরবর্তীতে বিশ্ববাজার থেকে ১৪ লাখ জিপ চেরোকি উঠিয়ে নিতে বাধ্য হয় ফিয়াট ক্রাইসলার।
