২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসের কৌশল বিশ্লেষণে এআই

উগ্রপন্থী জঙ্গিগোষ্ঠী আইএসের রণকৌশল বিশ্লেষণ করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির শরণাপন্ন হয়েছেন মার্কিন গবেষকরা। ২০১৪ সালের শেষ ছয় মাসে আইএসের ২ হাজার ২শ’ সামরিক অভিযান বিশ্লেষণ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগোরিদমটি। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত কেডিডি ২০১৫ সম্মেলনে এআই অ্যালগোরিদম থেকে পাওয়া তথ্য নিয়ে বিস্তারিত জানাবেন সংশ্লিষ্ট গবেষকরা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 01:03 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

বিবিসি জানিয়েছে, আইএসের উপর বিমান হামলা এবং জঙ্গিগোষ্ঠীটির পাল্টা বোমা হামলা ও সামরিক অভিযানের মধ্যে সম্পর্ক খুঁজে পেয়েছে ওই এআই অ্যালগোরিদম। ২০১৪ সালের শেষ ছয় মাসে ‘ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)’ ব্যবহার বৃদ্ধিও ধরা পরেছে ওই অ্যালগোরিদমে।

এআই থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মার্কিন সামরিক কর্মকর্তা পাওলো শাকারিয়ান বলেন, “তাদের (আইএস) উপর বিমান হামলা বাড়তে থাকলে সামরিক অভিযানে পদাতিক সৈন্যদের ব্যবহারের বদলে আইইডি ব্যবহার বাড়িয়ে দেয় তারা।”

পদাতিক অভিযানের আগে আইএস গাড়ি বোমা হামলাও বাড়িয়ে দেয় বলে জানিয়েছেন শাকারিয়ান।

অন্যদিকে ইউনিভার্সিটি অফ শেফিল্ডের কম্পিউটার বিজ্ঞানী নোয়েল শার্কি এবং রয়াল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের পরিচালক এলিজাবেথ কুইন্টানার মতে আইসের দৌরাত্ব ঠেকাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে এআই অ্যালগোরিদম। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই প্রযুক্তির মাধ্যমে আইএসের পরবর্তী সামরিক অভিযান সম্পর্কে পাওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গিগোষ্ঠীটিকে থামানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহজ হবে বলে মন্তব্য করেছেন উভয়ই।