ম্যাক বাগ মোকাবেলায় আপডেট
জুলাই মাসে আবিষ্কৃত ‘ডিওয়াইএলডি (DYLD)’ বাগের নিরাপত্তা ঝুঁকি মোকবেলায় ম্যাক কম্পিউটারের ওএস এক্স অপারেটিং সিস্টেমের জন্য শিগগিরই নতুন সিকিউরিটি আপডেট উন্মুক্ত করবে অ্যাপল। ডিওয়াইএলডি ব্যবহার করে পুরো অপারেটিং সিস্টেমের নিয়ন্ত্রণ দখল করে নিতে পারে একজন হ্যাকার।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ডিওয়াইএলডি ব্যবহার করে ম্যাক কম্পিউটারে রিমোট প্রোগ্রাম চালাতে পারে হ্যাকাররা। এতে কার্যত পুরো ওপারেটিং সিস্টেমের নিয়ন্ত্রণ চলে যায় ওই হ্যাকারের হাতে।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে অনুযায়ী, ডিওয়াইএলডি ব্যবহার করে ম্যাক কম্পিউটারে আক্রমণের একাধিক ঘটনা ঘটেছে এরই মধ্যে।
গার্ডিয়ানের প্রতিবেদনের ভিত্তিতে ব্যবহারকারীদের অনেকেই আশঙ্কা করছিলেন অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম ‘এল ক্যাপিটান’ বাজারে আসার আগে সমাধাণ হবে না ওই সাইবার নিরাপত্তা ইসুর। তবে সিনেট বলছে ওএস এক্সের পরবর্তী সিকিউরিটি আপডেটেই প্রয়োজনীয় সফটওয়্যার প্যাচ ইসু করবে অ্যাপল।
উইন্ডোজের চেয়ে তুলনামূলক নিরাপদ অপারেটিং সিস্টেম হিসেবে পরিচিতি আছে ওএস এক্সের। ওএস এক্সের তুলনায় উইন্ডোজের সিকিউরিটি বাগের সংখ্যা বেশি হওয়ায় মাইক্রোসফটের জন্য সফটওয়্যার প্যাচ ইসু করা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
তার মানে এই নয় যে লম্বা সময় ধরে নিরাপদে সময় কাটিয়েছেন ওএস এক্স ব্যবহারকারীরা। গত কয়েক মাসে ওএসএক্সের বেশ কয়েকটি সিকিউরিটি বাগ আবিষ্কার করেছেন সাইবার নিরাপত্তা গবেষকরা। সফটওয়্যার প্যাচ ইসু করতে অ্যাপল তুলনামূলক বেশি সময় নেওয়ায় ব্যবহারকারীদের দুশ্চিন্তাগ্রস্থ হওয়ার ঘটনাও বিরল নয়।
