অনলাইন মার্কেটপ্লেস এসেছে ফেইসবুকে!
এবার বুঝি ইবে আর ক্রেইগলিস্টের ‘বাড়া ভাতে ছাই’ দেওয়ার পরিকল্পনা করেছে সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যম ফেইসবুক। সীমিত পরিসরে নতুন অনলাইন মার্কেটপ্লেস চালু করেছে মার্কিন সোশাল মিডিয়া কর্তৃপক্ষ। শুরুতে ফেইসবুকের স্থানীয় মার্কেনপ্লেস ব্যবহারের সুযোগ পাচ্ছেন অস্ট্রেলিয়ার সিডনি আর নিউজিল্যান্ডের অকল্যান্ডবাসী ব্যবহারকারীরা।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সিডনি ও অকল্যান্ডের ব্যবহারকারীদের ফেইসবুক প্রোফাইলের নেভিগেশন প্যানেলের বাম পাশে যোগ হচ্ছে নতুন ‘বাই অ্যান্ড সেল’ বাটন। ওই বাটনের মাধ্যমে ফেইসবুকের অনলাইন মার্কেটপ্লেস থেকে প্রয়োজনীয় পণ্য খুঁজতে পারবেন ব্যবহারকারীরা।
ব্যবহারকারীদের জন্য বেচা-কেনার প্রক্রিয়া সহজ করে দিতে একাধিক নতুন ফিচার চালু করা হবে বলে ফেইসবুক কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীদের জন্য ‘বাই অ্যান্ড সেল’ সেল বাটন তেমনই একটি ফিচার বলে জানিয়েছে ম্যাশএবল।
এ ব্যাপারে এক ফেইসবুক মুখপাত্র বলেন, “ব্যবহারকারীদের বিভিন্ন পণ্য খুঁজে বের করে সহজে বেচা-কেনার একটি ফিচারের কার্যক্ষমতা যাচাই করার প্রাথমিক পর্যায়ে আছি আমরা।”
নতুন ফিচার বিশ্বের অন্যান্য দেশে কবে নাগাদ চালু করা হবে বা আদও চালু করা হবে কি না সে ব্যাপারে কোনো আনুষ্ঠানিক মন্তব্য জানায়নি ফেইসবুক কর্তৃপক্ষ। ফেইসবুক নিজস্ব প্লাটফর্মের জন্য আলাদা ‘পারচেজ সিস্টেম’ তৈরি করবে কি না, সে ব্যাপারটিও এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে ম্যাশএবল।
