সবচেয়ে মূল্যবান স্টার্টআপ ‘উবার’
প্রায় ১শ’ কোটি মার্কিন ডলারের নতুন তহবিল সংগ্রহ করার পর বিশ্বের সবচেয়ে মূল্যবান স্টার্টআপ প্রতিষ্ঠান এখন উবার। নতুন তহবিল যোগ হওয়ার পর উবারের বাজারমূল্য এখন প্রায় ৫ হাজার ১শ’ কোটি মার্কিন ডলার।
বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের আর্থিক ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠান প্রিভকো জানিয়েছে, উবারের পর বিশ্বের সবচেয়ে মূল্যবান তিন স্টার্টআপ প্রতিষ্ঠানের মধ্যে আছে জিয়াওমি ও এয়ারবিএনবি। প্রতিষ্ঠান দুটির মূল্য যথাক্রমে ৪ হাজার ৬শ’ কোটি মার্কিন ডলার এবং ২ হাজার ৫শ’ কোটি মার্কিন ডলার।
প্রিভকোর বরাত দিয়ে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ৭ মাসে উবারের বাজার মূল্য বেড়েছে প্রায় ১ হাজার কোটি মার্কিন ডলার। সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যমে ফেইসবুকের ৫ হাজার কোটি ডলার বাজার মূল্যের মাইল ফলক ছুঁতে সময় লেগেছিল প্রায় ৭ বছর। উবার সেই কাজটি সম্ভব করেছে ৫ বছরে।
প্রিভকো জানিয়েছে, উবারে সর্বশেষ ১শ’ কোটি মার্কিন ডলারের বিনিয়োগকারীদের মধ্যে আছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট, বেনেট কোলম্যান অ্যান্ড কোম্পানি এবং ভারতের একাধিক প্রতিষ্ঠান।
১শ’ কোটি ডলারের নতুন বিনিয়োগ উবার ভারত ও চীনে ব্যবসা প্রসারের কাজে ব্যবহার করবে বলে জানিয়েছে সিএনএন। বর্তমানে বিশ্বের ৫৮টি দেশের ৩শ’ শহরে উবারের সেবা চালু আছে।
