২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রততম সুপারকম্পিউটার চাই ওবামার!

বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার চাই বারাক ওবামার! ২০২৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপারকম্পিউটার নির্মাণের জন্য মার্কিন বিজ্ঞানীদের এক নির্বাহী আদেশ দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2015, 03:11 PM

Updated : 22 Aug 2022, 12:54 PM

বিবিসি জানিয়েছে, চীনের তৈরি তিয়ানহে-২ সুপারকম্পিউটারের থেকে ২০ গুণ দ্রুতগতির হবে মার্কিন সুপারকম্পিউটারটি। বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপারকম্পিউটার তিয়ানহে-২।

মার্কিন সুপাররকম্পিউটারটি আবাহাওয়া বিশ্লেষণ থেকে শুরু করে এক্স-রে ছবি বিশ্লেষণ করে ক্যান্সার চিকিৎসায় ভূমিকা রাখতে পারবে-- জানিয়েছে বিবিসি। সুপারকিম্পউটারটির ডিজাইনে মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএর গবেষকরাও অংশ নেবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

অন্যদিকে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপারকম্পিউটার নির্মাণে মার্কিন সরকারের পরিকল্পনা কৌশলগত দিক থেকে একদম সঠিক বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অফ এডিনবার্গের রিচার্ড কেনওয়ে।

এই সুপারকম্পিউটারটি নির্মাণ কাজের সঙ্গে সঙ্গে নতুন নতুন হার্ডওয়্যার উদ্ভাবনের পাশাপাশি বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষনের প্রযুক্তিতেও অগ্রগতি আসবে বলে জানিয়েছেন তিনি। 

এই ‘দানবীয়’ সুপারকম্পিউটারের পিছনের খরচের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এর বিদ্যুৎ বিল হিসেবে বছরে কমপক্ষে ৬ কোটি পাউন্ড খরচ হবে বলে জানিয়েছেন তারা।