আসছে আরও দ্রুতগতির মেমোরি
ন্যান্ড ফ্ল্যাশ প্রযুক্তির চেয়েও হাজার গুণ দ্রতগতির নতুন মেমোরি প্রযুক্তি থ্রিডি এক্সপয়েন্ট (3D XPoint) আবিষ্কার করেছে মার্কিন চিপ জায়ান্ট ইনটেল এবং ফ্ল্যাশ মেমোরি নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রন। শুরু হয়ে গেছে এই নতুন মেমোরি প্রযুক্তিসম্পন্ন চিপের উৎপাদনও।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বৈজ্ঞানিক গবেষণা থেকে শুরু করে ভিডিও গেইম পর্যন্ত এই প্রযুক্তি ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করছে ইনটেল ও মাইক্রন।
এ প্রসঙ্গে টেকঅ্যানালাইসিসের বব ও’ডানেল জানিয়েছেন, অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও নতুন ধরনের মেমোরি প্রযুক্তির উদ্ভাবন নিয়ে কথা বলেছে নানা সময়ে। কিন্তু থ্রিডি এক্সপয়েন্টের উৎপাদন পর্যন্ত শুরু হয়ে যাওয়ায় গুরুত্ব পাচ্ছে।
যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত ডেটা সাইজ বাড়ছে। প্রতিদিনের সাধারণ কাজেই ডেটা ট্রান্সফারে ব্যবহারকারীদের অনেক সময় ব্যয় হয় থাকে। কিন্তু নতুন এ মেমোরি প্রযুক্তিটির ফলে অনেক বড় আকারের ফাইলও খুব দ্রুত ট্রান্সফার করা সম্ভব হবে। এর মাধ্যমে ক্লাউড সেবাগুলোও বড় ফাইলের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিতে পারবে বলে জানিয়েছে বিবিসি।
প্রযুক্তিটি ‘ইন্সট্যান্ট-অন’ অভিজ্ঞতা দিতে সক্ষম হবে বলে জানিয়েছেন ইনটেলের মার্কেটিং ডিরেক্টর গ্রেগ ম্যাটসন।
সবকিছু পরিকল্পনা মোতাবেক এগোলে ২০১৬ সাল নাগাদ চলে আসবে থ্রিডি এক্সপয়েন্ট। এখনও এর দাম ঘোষণা করা হয়নি বলে জানিয়েছে বিবিসি।
