ফেইসবুক ভিডিওতে নতুন সেটিংস
কনটেন্টে নির্মাতাদের আপলোড করা ভিডিওর ক্ষেত্রে লিঙ্গ আর বয়সভেদে সীমা বেঁধে দেওয়ার ফিচার চালু করেছে শীর্ষ সামাজিক যোগাযোগ সেবা ফেইসবুক। শীর্ষ ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের সঙ্গে পাল্লা দিতে নিজস্ব প্ল্যাটফর্মের কনটেন্ট নির্মাতা এবং বিজ্ঞাপনদাতাদের জন্য একর পর এক এমন ফিচার চালু করছে ফেইসবুক।
কোন লিঙ্গের এবং কোন বয়সের দর্শকরা ভিডিও দেখতে পারবেন সে বিষয়টি কনটেন্টে নির্মাতারাই নির্দিষ্ট করে দিতে পারবেন বলে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে মঙ্গলবার।
সেই সঙ্গে নতুন ‘সিক্রেট’ মোড চালু করছে শীর্ষ এই সামাজিক যোগাযোগ সেবা। এর মাধ্যমে ইউটিউবের ‘আনলিস্টেড’ ফাংশনের মতো ফেইসবুকের ভিডিওগুলোও শুধু একটি ‘ডিরেক্ট’ লিংকের মাধ্যমে দেখা যাবে।
ফেইসবুকে ভিডিও আপলোডের সংখ্যা লক্ষণীয় হারে বেড়েছে ২০১৪ সাল থেকে। প্রতিদিন ফেইসবুক ব্যবহারকারীরা ৪শ’ কোটির বেশিবার বিভিন্ন ভিডিও দেখেন। তবে ইউটিউব একটি ভিডিও প্রায় ৩০ সেকেন্ড দেখার পর তা গণনা করলেও ফেইসবুকে মাত্র তিন সেকেন্ড দেখার পরই তা গণনায় যোগ করে।
ভিডিও প্লাটফর্মের মাধ্যমে ফেইসবুক বিজ্ঞাপন খাত থেকে আয় বাড়াতে চাইছে বলে মন্তব্য করেছে ম্যাশএবল। অন্যান্য ভিডিও প্ল্যাটফর্মগুলো বিজ্ঞাপনদাতাদের লক্ষ্য নির্ধারণের সুবিধা না দিলেও ফেইসবুক এ সুবিধা দেওয়ার চেষ্টা করছে।
