১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মার্কিন টাকশালের স্মারক ১ ডলার কয়েনে স্টিভ জবস

এ কয়েনের নকশায় দেখা যাবে তরুণ স্টিভ জবসকে, যেখানে ক্যালিফোর্নিয়ার ঢেউখেলানো পাহাড়ের পটভূমিতে পদ্মাসনে বসে রয়েছেন তিনি। পরনে রয়েছে তার পরিচিত কালো টার্টলনেক পোশাকটি।

মার্কিন টাকশালের স্মারক ১ ডলার কয়েনে স্টিভ জবস
এ কয়েনের সঙ্গে অ্যাপলের বর্তমান সিইও টিম কুক বা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কোনো সম্পর্ক নেই। ছবি: ইউএস মিন্ট

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2025, 10:34 AM

Updated : 26 Aug 2026, 02:29 PM

স্টিভ জবসকে সম্মান জানিয়ে স্মারক ১ ডলারের কয়েনের নকশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের টাকশাল ইউএস মিন্ট। কয়েনটি তৈরি হয়েছে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জবসের স্মৃতিতে, যিনি বিপ্লব ঘটিয়েছিলেন ভোক্তা ইলেকট্রনিক্স ও পার্সোনাল কম্পিউটিং জগতে।

‘ইউএস মিন্ট’-এর তথ্য অনুসারে, এ কয়েনের নকশায় দেখা যাবে তরুণ স্টিভ জবসকে, যেখানে ক্যালিফোর্নিয়ার ঢেউখেলানো পাহাড়ের পটভূমিতে পদ্মাসনে বসে রয়েছেন তিনি। পরনে রয়েছে তার পরিচিত টার্টলনেক, তবে সেটি কালো কি না সেটি বলা সম্ভব হবে না।

কয়েনে একটি লেখাও থাকবে, ‘মেইক সামথিং ওয়ান্ডারফুল’। এ উদ্ধৃতিটি ২০০৭ সালের, যেটি জবসের চিন্তাধারাকে প্রকাশ করে। তার পরিবারের পক্ষ থেকেও প্রায়ই তার জীবনদর্শনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় এ উদ্ধৃতিটি।

এ স্মারক কয়েনটি ইউএস মিন্টের ওয়েবসাইট থেকে কেনা যাবে, যার দাম হবে ১৩ দশমিক ২৫ ডলার। তবে কয়েনটি পেতে হলে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ ২০২৬ সালেই এটি বাজারে আসবে।

এসব স্মারক কয়েন বড় এক প্রকল্পের অংশ, যা ২০১৮ সাল থেকে শুরু হয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য, আমেরিকার উদ্ভাবন ও প্রযুক্তিকে সম্মান জানানো। এ কয়েনের সঙ্গে অ্যাপলের বর্তমান সিইও টিম কুক বা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কোনো সম্পর্ক নেই।

নিজস্ব স্মৃতিচিহ্ন হিসেবে কোনো প্রতীক বা আইকন মনোনয়ন দিতে পারে যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য। যেমন– ২০২৬ সালে নিজেদের স্মারক কয়েনে ১৯৭০-এর দশকের ‘ক্রে-১’ নামের এক বিখ্যাত সুপারকম্পিউটার দেখাবে উইসকনসিন অঙ্গরাজ্য।

ফেব্রুয়ারিতে জবসকে মনোনয়নের সময় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছিলেন, ‘ক্যালিফোর্নিয়ার উদ্ভাবনী শক্তির অনন্য ছাপকে সুন্দরভাবে প্রতিনিধিত্ব করেছেন’ তিনি।