১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পারপ্লেক্সিটি এআই কেনায় নজর অ্যাপলের?

পারপ্লেক্সিটি কিনে নেওয়া অ্যাপলের জন্য কৌশলগত সাফল্যই হবে। কারণ, এআই দৌড়ে এখনও গুগল ও মেটার মতো প্রতিযোগীদের থেকে অনেক পিছিয়ে রয়েছে অ্যাপল।

পারপ্লেক্সিটি এআই কেনায় নজর অ্যাপলের?
গুগল না থাকলেও অ্যাপলের জন্য ‘বেকআপ প্ল্যান’ হিসেবে কাজ করবে স্টার্টআপটি। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 07:10 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

সফটওয়্যার কোম্পানি পারপ্লেক্সিটি এআই কেনার বিষয়টি বিবেচনা করছে মার্কিন আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল।

২০২৫ সালে কোম্পানিটির নিজস্ব টেক সম্মেলন ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স’ বা ডব্লিউডব্লিউডিসি আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কিছু বলেনি অ্যাপল। তবে পর্দার আড়ালে তারা এই ক্ষেত্রে নতুন পদক্ষেপ নেওয়ার বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে বলে প্রতিবেদনে লিখেছে একাধিক প্রযুক্তি বিষয়ক সাইট।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, প্রাথমিকভাবে পারপ্লেক্সিটি এআই কেনার বিষয়ে নিজেদের অধিগ্রহণ বিভাগের প্রধানের নেতৃত্বে অভ্যন্তরীণ আলোচনা করছে অ্যাপল।

পারপ্লেক্সিটি এআই মূলত এআইনির্ভর সার্চ স্টার্টআপ, যেটি প্রতিষ্ঠা করেছেন অরবিন্দ শ্রীনিবাস। আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রস্তাব না দিলেও অ্যাপলের শীর্ষ কর্মকর্তারা স্টার্টআপটি নিয়ে বিভিন্ন সম্ভাব্য পরিকল্পনা বিবেচনা করে দেখছেন বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।

ধারণা করা হচ্ছে, একটি বিকল্প হতে পারে পার্টনারশিপ, যেখানে পারপ্লেক্সিটি’র প্রযুক্তিকে আইওএসের সঙ্গে যুক্ত করতে পারে অ্যাপল, যাতে এআইচালিত সার্চ অভিজ্ঞতা পেতে পারেন ব্যবহারকারীরা। 

আরেকটি সম্ভাবনা হতে পারে, পুরো কোম্পানিটিকেই কিনে নেওয়া, যার ফলে অ্যাপল সরাসরি তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি’তে বা নিজেদের পরিচালিত আরও বিস্তৃত সার্চ প্ল্যাটফর্মে স্টার্টআপটির এআই প্রযুক্তি ব্যবহার করতে পারে।

ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, পারপ্লেক্সিটি অধিগ্রহণের বিষয়টি অ্যাপলের জন্য কৌশলগত এক বিকল্পও হতে পারে। কারণ, গুগলের সঙ্গে বড় আর্থিক চুক্তি করেছে অ্যাপল, যেখানে আইওএস ক্রোম ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে রাখার জন্য প্রতি বছর অ্যাপলকে অর্থ দিচ্ছে এ সার্চ জায়ান্ট। তবে আদালত যদি ওই চুক্তি বন্ধের নির্দেশ দেয় তবে অ্যাপলের কাছে বিকল্প হিসেবে পারপ্লেক্সিটি থাকবে, যেটি তাদের সার্চ সিস্টেম চালানোর জন্য সাহায্য করবে।

মানে হচ্ছে, গুগল না থাকলেও অ্যাপলের জন্য ‘ব্যাকআপ প্ল্যান’ হিসেবে কাজ করবে স্টার্টআপটি।

ম্যাশএবল লিখেছে, পারপ্লেক্সিটি কিনে নেওয়া অ্যাপলের জন্য কৌশলগত এক সাফল্যই হবে। কারণ এআই দৌড়ে এখনও গুগল ও মেটার মতো প্রতিযোগীদের থেকে অনেক পিছিয়ে রয়েছে অ্যাপল। 

এবারের ডব্লিউডব্লিউডিসি’তেও নিজেদের সিরি’র নতুন আপডেট কোম্পানিটির নিজস্ব এআই ‘অ্যাপল ইনটেনিলজেন্স’ কবে আসবে সে সম্পর্কে কোনও স্পষ্ট তথ্য জানায়নি আইফোন নির্মাতা।