Published : 15 Jul 2023, 01:40 PM
ভিডিও গেইম নির্মাতা ইএ স্পোর্টস আর ফিফা গেইম আনবে না- এটা পুরোনো খবর। নতুন আপডেট হচ্ছে, নতুন নামে গেইমটি আনার দিনতারিখ ঘোষণা করেছে কোম্পানিটি।
এর মাধ্যমে সম্ভবত নতুন যুগের সূচনা হতে যাচ্ছে ইলেকট্রনিক আর্ট (ইএ)’র ফ্ল্যাগশিপ ফুটবল সিরিজ গেইমের জন্য। ‘ফিফা’র সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলার পর ‘ইএ স্পোর্টস এফসি ২৪’ নামেই আসছে গেইমটি।
গেইমটি ‘পিএস৫’, ‘পিএস৪’, ‘এক্সবক্স সিরিজ এক্স/এস’, ‘এক্সবক্স ওয়ান’, ‘নিনটেন্ডো সুইচ’ ও পিসি সংস্করণে আসবে ২৯ সেপ্টেম্বর। ‘ফিফা ২৩’ গেইমের পর ফিফার সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরপরই ফ্রাঞ্চাইজের নতুন গেইমের নামে এই বদল এল।
এদিকে বিভিন্ন জায়গায় খবর চাউর হয়েছে, গেইমটির পিএস ৫ ও এক্সবক্স সিরিজ এক্স/এস সংস্করণের দাম হতে পারে ৮০ ডলার, যা সত্য নয়। প্ল্যাটফর্মগুলোতে গেইমটির দাম এখনও ৭০ ডলার। তবে, গেইমটি খেলতে পিএস ৪ ও এক্সবক্স ওয়ান কনসোলের গেইমারদেরও একই পরিমাণ খরচ করতে হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
ইএ গেইমটির প্রচারণা চালাচ্ছে একে ‘ডুয়াল এনটাইটেলমেন্ট ক্রস-জেনারেশন’ গেইম হিসেবে। সব কনসোলে এর দাম ৭০ ডলার হলেও সুইচে এর দাম ৬০ ডলার।
আর একশ ডলারের ‘আলটিমেট এডিশন’ সংস্করণে মিলবে ‘আলটিমেট টিম’ সুবিধা, চার হাজার ছয়শ ‘এফসি পয়েন্ট’ ও উন্মোচনের সাত দিন আগেই গেইমে প্রবেশের সুযোগ। আর গেইমের প্রচলিত সংস্করণ খেলা গেইমাররা ‘আলটিমেট টিম ক্যাম্পেইন’ মোডে প্রবেশাধিকার না পেলেও ‘আলটিমেট টিম’-এর নিয়মিত সংস্করণ খেলতে পারবেন। ‘গেইমারদের প্রবেশ সীমিত করতে না চাওয়াকে’ এর কারণ হিসেবে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
এদিকে, ‘আলটিমেট টিম’ মোডে প্রথমবারের মতো নারী ফুটবলার যোগ করতে যাচ্ছে ইএ। এর ফলে, গেইমের মধ্যে নারী ও পুরুষ একসঙ্গে বা একে অপরের বিরুদ্ধে একই ‘ভার্চুয়াল’ মাঠে খেলতে পারবে।
ইলেকট্রনিক আর্টস আসন্ন গেইমের প্রথম ঝলক দেখানোর পাশাপাশি এর কয়েকটি নতুন ফিচার ঘোষণার মাধ্যমেই গেইমটি প্রকাশের তারিখ ও দামের বিস্তারিত পাওয়া গেছে।
এর আগে ‘ফিফা’ নামে পরিচিতি পাওয়া গেইম সিরিজটিতে এবার যুক্ত হয়েছে দুটি নতুন নারী লিগ। স্পেনের ‘লিগা এফ’ ও জার্মানির ‘ফ্রাউএন-বুন্দেসলিগা’। দেশ দুটির সর্বোচ্চ পর্যায়ের নারী ফুটবল প্রতিযোগিতা এগুলো।
নিজস্ব ফ্রাঞ্চাইজকে ‘যতটা সম্ভব প্রাণবন্ত রাখার’ লক্ষ্যে ইএ বিভিন্ন লিগ ও সংস্থার সঙ্গে চুক্তি সম্পন্ন করে আসছে। গেইমের মধ্যে রয়েছে ১৯ হাজারের বেশি পেশাদার ফুটবলারের অ্যাভাটার, ৩০টির বেশি লিগ ও একশটির বেশি স্টেডিয়াম।
পাশাপাশি, ‘ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)’ ও ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা ‘ইউয়েফা’র সঙ্গেও চুক্তি করেছে। সংস্থাগুলোর ব্র্যান্ডিং ব্যবহার করার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের মতো প্রতিযোগিতায় নিজস্ব প্রবেশাধিকার ধরে রাখার লক্ষ্যে কোম্পানিটি এইসব ‘এক্সক্লুসিভ’ চুক্তি করেছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
গেইমের মধ্যে এবারও উপস্থিতি আছে ‘ফস্টবাইট’ গেইম ইঞ্জিনের। ইএ বলছে, এবার তারা গেইমে এর একটি বর্ধিত সংস্করণ ব্যবহার করছে। আর, সুইচ কনসোলে ফ্রস্টবাইট ব্যবহার করা প্রথম সংস্করণের গেইম এটি।
এদিকে, গেইমের ‘হাইপারমোশন’ প্রযুক্তিও আপগ্রেড করেছে ইএ। গেইমটিতে ব্যবহৃত হয়েছে ‘হাইপারমোশন ৫’, যা ১৮০টির বেশি পুরুষ ও নারী ভিত্তিক গেইম থেকে ‘ভলিউম্যাট্রিক ডেটা’ সংগ্রহ করেছে।
“গোটা দলের সত্যিকারের ফুটবল খেলার কৌশল আনলক করার পাশাপাশি এতে রয়েছে এক হাজার দুইশটি ‘সিগনেচার রান স্টাইল’। তাই ভক্তরা গেইমের মধ্যে শীর্ষ ফুটবলারদের বিশেষ স্কিলের অবিকল অভিজ্ঞতা পাবেন।” --বলেছে ইএ।
“আলটিমেট টিম মোডে প্লেস্টাইল ও ফুটবলারদের সিগনেচার সক্ষমতা ‘ওয়ার্ল্ড-ক্লাস’ পর্যায়ে নেওয়া যায় —উদাহরণ হিসেবে ধরা যায়, ম্যানসিটি ফরওয়ার্ড (আর্লিং) হাল্যান্ডের ‘পাওয়ার শট’। এর ফলে, গেইমে থাকা শীর্ষ ফুটবলাররা এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যা খুব কম ফুটবলারের পক্ষেই সম্ভব।” --যোগ করেছে কোম্পানিটি।
গেইমের ‘ক্রসপ্লে’ মোড পাওয়া যাবে ‘পিএস৪’, ‘পিএস৫’, ‘এক্সবক্স সিরিজ এক্স/এস’, ‘এক্সবক্স ওয়ান’ ও পিসি সংস্করণে। আর ‘ক্লাবস’, ‘কো-অপ সিজন’, ‘ভোল্টা ফুটবল’ ও ‘আলটিমেট টিম কো-অপ’ মোডেও প্রথমবারের মতো ক্রসপ্লে খেলার সুবিধা থাকবে। তবে, গেইমের সুইচ সংস্করণে এই সুবিধা থাকবে না বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।