১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গাড়িতেই পিএস৫ গেইম খেলতে দেবে সনির ইভি

হোন্ডার সঙ্গে সনির প্রথম ইভিতে থাকছে পিএস রিমোট প্লে। লং ড্রাইভে যাত্রীরা গাড়ির স্ক্রিনেই খেলতে পারবেন পছন্দের গেইম।

গাড়িতেই পিএস৫ গেইম খেলতে দেবে সনির ইভি
দীর্ঘ পথে যাত্রীরা তাদের প্রিয় আরপিজি বা অন্য গেইম খেলতে পারবেন। ছবি: সনি হোন্ডা মোবিলিটি

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 05:08 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

দীর্ঘ রোড ট্রিপে সময় কাটানো এবার আরও সহজ হতে যাচ্ছে, অন্তত যাত্রীদের জন্য। 

সনি ও হোন্ডার যৌথ উদ্যোগ সনি হোন্ডা মোবিলিটি বলেছে, তাদের আসন্ন ইলেকট্রিক গাড়ি ‘আফিলা’তে থাকছে প্লেস্টেশন রিমোট প্লে সুবিধা। অর্থাৎ গাড়ির ভেতর বসেই দূর থেকে নিজের বাড়িতে থাকা পিএস৫ বা পিএস৪ কনসোলে গেইম খেলা যাবে।

প্রশ্ন জাগতে পারে, গাড়িতে গেইম খেলার দরকারই বা কী? 

কোম্পানির বক্তব্য পরিষ্কার। গাড়ি পার্ক করা অবস্থায় চালকের হাতে সময় কাটানোর বিকল্প থাকবে। আর দীর্ঘ পথে যাত্রীরা তাদের প্রিয় আরপিজি বা অন্য গেইমে একটু একটু করে এগোতে পারবেন।

ঘোষণা অনুযায়ী, আফিলার ইনফোটেইনমেন্ট সিস্টেমের বড় ডিসপ্লেতেই চলবে পিএস রিমোট প্লে। চাইলে বাসা থেকে নিজের ডুয়ালসেন্স কন্ট্রোলার এনে সরাসরি খেলায় ঢুকে পড়া যাবে। সনি হোন্ডা মোবিলিটি বলেছে, খেলতে ন্যূনতম পাঁচ এমবিপিএস ব্রডব্যান্ড সংযোগ লাগবে। আর ১৫ এমবিপিএস গতিতে অভিজ্ঞতা হবে আরও মসৃণ।

এর আগে সিইএস ২০২৪–এ আফিলা ওয়ান মডেল দেখানোর সময়ও প্লেস্টেশন টাইটেল রিমোটলি চালানোর সক্ষমতা তুলে ধরেছিল যৌথ উদ্যোগটি। 

আফিলা ওয়ানের প্রথম ডেলিভারি শুরু হওয়ার কথা ২০২৬ সালে।

ইভিতে গেইমিংয়ের প্রসঙ্গ এলে অনেকেরই টেসলার কথা মনে পড়বে। একসময় টেসলা মডেল এস ও এক্স–এ স্টিম সাপোর্ট দিয়েছিল প্রতিষ্ঠানটি। পরে অবশ্য তারা সেই সুবিধা তুলে নেয়। এখন সনি হোন্ডা মোবিলিটির নতুন ঘোষণা আবারও ইঙ্গিত করছে, গাড়ির ভেতরের বিনোদন ভবিষ্যতে কোন দিকে যেতে পারে।

প্রশ্ন হল, সব্বাই কি গাড়িতে বসে গেইম খেলতে আগ্রহী? নাকি এটি শুধু নির্দিষ্ট একদল ব্যবহারকারীর জন্য? উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে গাড়িটির ভেতেরে বসার সুযোগ পাওয়া পর্যন্ত।