Published : 03 Mar 2026, 03:11 PM
মাস্টারকার্ড ও আর্থিক লেনদেন সেবা স্যানটান্ডারের হাত ধরে কেনাকাটার দুনিয়ায় নতুন দুয়ার খুলল। দুই কোম্পানি মিলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের মাধ্যমে সরাসরি সফল লেনদেন সম্পন্ন করেছে।
ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেনডেন্ট লিখেছে, প্রযুক্তির এই উন্নতি ভবিষ্যতে দৈনন্দিন কেনাকাটায় স্বয়ংক্রিয় পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ করে তুলবে।
কোম্পানি দুটি বলেছে, গ্রাহকের পক্ষে লেনদেন শুরু ও শেষ করতে পারে এমন এআই সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে এ পেমেন্টটি গুরুত্বপূর্ণ এক মাইলফলক।
স্পেনে একটি টি শার্ট কেনার মাধ্যমে এই পরীক্ষামূলক কার্যক্রমটি চালানো হয়। তবে এখনও বাণিজ্যিকভাবে চালু হয়নি এ প্রযুক্তি।
ধারণা করা হচ্ছে, এ এজেন্টিক এআই মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে এবং গ্রাহকের খুব সামান্য নির্দেশেই কেনাকাটা স্বয়ংক্রিয়ভাবে শেষ করতে সাহায্য করবে।
যেমন, কেউ কোনো অ্যাপের সঙ্গে চ্যাটিং করে কিছু কেনার অনুরোধ করতে পারেন। এ সময় এআই স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের বিভিন্ন অফার যাচাই করবে এবং তার পরিস্থিতির সাপেক্ষে সবচেয়ে উপযোগী কেনাকাটাটি করে দেবে। এতে গ্রাহককে আর বাড়তি ঝামেলা পোহাতে হবে না।
‘স্যানটান্ডার’ নিয়ন্ত্রিত এক পরিবেশে ‘মাস্টারকার্ড এজেন্ট পে’ ব্যবহার করে এ লেনদেনটি করেছে। লেনদেনটি স্যানটান্ডারের লাইভ পেমেন্ট অবকাঠামোর মাধ্যমে প্রক্রিয়া করা হয়েছে।
এ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমানে থাকা বিভিন্ন পেমেন্ট নেটওয়ার্ক ব্যবহার করে এআই সিস্টেমকে নিরাপদ ও স্বচ্ছভাবে কেনাকাটার সুযোগ করে দিতে পারে। একইসঙ্গে নিরাপত্তা, প্রাইভেসি ও গ্রাহক সুরক্ষার বিভিন্ন মানদণ্ডও ধরে রাখবে।
স্যানটান্ডার-এর কার্ড ও ডিজিটাল সলিউশনের গ্লোবাল হেড মাতিয়াস সানচেজ বলেছেন, “স্যানটান্ডারে আমরা এআইকে পেমেন্ট ব্যবস্থার বিবর্তনে রূপান্তরকারী এক শক্তি হিসেবে দেখছি।”
ব্যাংকটি বলেছে, তারা কঠোর নিয়ন্ত্রণ, স্থিতিশীলতা ও নীতিমালার সঙ্গে সামঞ্জস্য ধরে রেখে এ কার্যক্রমের আরও বড় পরিসরে পরীক্ষা ও প্রসারণের দিকে এগিয়ে যাবে।
মাস্টারকার্ডের ইউরোপ অঞ্চলের প্রেসিডেন্ট কেলি ডিভাইন বলেছেন, “এজেন্টিক এআই পেমেন্ট বাণিজ্য শুরু ও তা সম্পন্ন করার পদ্ধতিতে আমূল পরিবর্তন আসছে।”