Published : 04 Oct 2025, 02:36 PM
ট্রাম্প প্রশাসনের চাপের কারণে জনপ্রিয় অ্যাপ আইসিইব্লক সরিয়ে ফেলেছে আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল।
বৃহস্পতিবার অ্যাপল বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগের পর অ্যাপ স্টোর থেকে ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ বা আইসিই ট্র্যাকিং ব্লকের জন্য নিজেদের অন্যতম জনপ্রিয় অ্যাপ ‘আইসিইব্লক’সহ সংশ্লিষ্ট অন্যান্য অ্যাপ সরিয়ে ফেলেছে তারা।
রয়টার্স লিখেছে, এ অ্যাপটি ব্যবহারকারীদের তাদের এলাকায় ‘ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট’ বা আইসিই এজেন্টদের উপস্থিতি সম্পর্কে সতর্ক করে। আইসিই মূলত ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির মূল অংশ এবং এর এজেন্টরা নিয়মিতভাবে অভিবাসীদের ওপর তল্লাশি ও গ্রেপ্তার অভিযান চালিয়েছে।
মার্কিন বিচার বিভাগ বলেছে, এই অ্যাপ ব্যবহার করলে যুক্তরাষ্ট্রের এজেন্টদের ওপর আক্রমণের ঝুঁকি বাড়তে পারে।
এক ইমেইল বিবৃতিতে অ্যাপল বলেছে, “আইসিইব্লক সম্পর্কিত নিরাপত্তাজনিত ঝুঁকি নিয়ে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা এই অ্যাপ ও একই ধরনের অন্যান্য অ্যাপ আমাদের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দিয়েছি।”
ট্রাম্প মার্কিন প্রশাসনে আসার পর থেকে অবৈধ অভিবাসীরা রয়েছেন যুক্তরাষ্ট্রের এমন বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে আইসিই। ট্রাম্প প্রশাসনের নির্দেশে ফিলিস্তিন সমর্থকদের মধ্যে থাকা ভিসাধারী ও স্থায়ী আমেরিকান নাগরিকদেরও গ্রেপ্তার করেছে এই সংস্থাটি।
মানবাধিকার কর্মীরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সরকার যেমন জোরালোভাবে নির্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাতে মত প্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচারের প্রক্রিয়াগত অধিকার প্রায়ই লঙ্ঘিত হচ্ছে।
অ্যাপলের অ্যাপটি সরিয়ে ফেলার খবর বৃহস্পতিবার প্রকাশ করে ফক্স বিজনেস। আমেরিকান সংবাদমাধ্যমটি প্রতিবেদনে লিখেছে, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এক বিবৃতিতে বলেছেন, বৃহস্পতিবার অ্যাপলকে অ্যাপটি সরিয়ে ফেলতে অনুরোধ করে মার্কিন বিচার বিভাগ এবং সেই অনুরোধে সাড়া দিয়ে অ্যাপটি সরিয়ে ফেলে কোম্পানিটি।
প্যাম বন্ডি বলেছেন, “আইসিইব্লক অ্যাপটি এমনভাবে তৈরি হয়েছে যাতে আইসিই এজেন্টরা কেবল নিজেদের দায়িত্ব পালন করতে গেলেই ঝুঁকির মুখে পড়তে পারেন। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বিরুদ্ধে সহিংসতা একেবারেই সহ্য করা যাবে না এবং এ ধরনের কাজ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
এর আগে, বন্ডি ও হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম টেক্সাসভিত্তিক আইসিইব্লক অ্যাপের নির্মাতা জোশুয়া অ্যারনকে সতর্ক করে বলেছেন, তার কাজ যুক্তরাষ্ট্রের সংবিধানের মতপ্রকাশের স্বাধীনতার অধীনে ‘সুরক্ষিত নয়’ এবং তাকে বিচারের আওতায় আনার বিষয়টি বিবেচনা করছেন তারা।
রয়টার্স লিখেছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিভিন্ন প্রযুক্তি কোম্পানির সঙ্গে তার প্রশাসনের যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে তা নিয়ে আরও সমালোচনার জন্ম দিতে পারে অ্যাপলের এ পদক্ষেপ।