১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এআই অ্যাভাটারসহ নতুন যেসব সুবিধা আসছে জুমে

এই অ্যাভাটার শুধু স্থির থাকবে না বরং ব্যবহারকারীর বাস্তব নড়াচড়া ও কথার সঙ্গে মিল রেখে মিটিংয়ে চলাফেরা করবে।

এআই অ্যাভাটারসহ নতুন যেসব সুবিধা আসছে জুমে
ডিসেম্বরের শুরুতে জুমের ওয়ার্কপ্লেস ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। ছবি: জুম

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 07:34 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম এবার মিটিং অভিজ্ঞতায় আনছে বড় পরিবর্তন। বহারকারীরা শিগগিরই নিজেদের একটি ‘ফটোরিয়ালিস্টিক এআই অ্যাভাটার’ তৈরি করতে পারবেন যা মিটিংয়ে তাদের হয়ে হাজিরা দেবে যদি কেউ ঠিক ক্যামেরা-রেডি না থাকেন।

ডিসেম্বরের শুরুতে জুমের ওয়ার্কপ্লেস ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। এর জন্য একটি ছবি অ্যাপে আপলোড করতে হবে বা সরাসরি তুলতে হবে। তারপর জুম ব্যবহারকারীর ডিজিটাল ক্লোন তৈরি করবে। ক্লোনটির জন্য চাইলে ব্যবহারকারী বিভিন্ন পোশাক বাছাই করতে পারবেন। 

মজার বিষয় হলো, এই অ্যাভাটার শুধু স্থির থাকবে না বরং ব্যবহারকারীর বাস্তব নড়াচড়া ও কথার সঙ্গে মিল রেখে মিটিংয়ে চলাফেরা করবে।

এর আগে জুম ব্যবহারকারীদের রেকর্ড করা মেসেজ এআই অ্যাভাটারের মাধ্যমে পাঠানোর সুযোগ দিয়েছিল। তবে নতুন এই ফিচার একধাপ এগিয়ে গিয়ে লাইভ মিটিংয়েই এআই ক্লোনকে হাজির হতে দেবে।

জুমের সিইও এরিক ইউয়ান আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ভবিষ্যতে প্রত্যেকের একটি ‘ডিজিটাল টুইন’ থাকবে যা শুধু মিটিংয়েই বসবে না বরং ব্যবহারকারীর হয়ে ইমেইলের জবাব দেওয়া বা অন্যান্য কাজও করবে। যদিও সেই দিন এখনো পুরোপুরি আসেনি তবে নতুন এআই অ্যাভাটার ফিচারকে অনেকেই এর প্রাথমিক রূপ হিসেবে দেখছেন।

এআই অ্যাভাটার ব্যবহার করে কেও যেন অন্য ব্যক্তি হয়ে মিটিংয়ে ঢুকে না পড়েন তার জন্য জুম যোগ করছে কিছু সুরক্ষা ব্যবস্থা।

জুমের প্রধান পণ্য কর্মকর্তা স্মিতা হাসিম প্রযুক্তি সাইট ভার্জকে বলেন, অ্যাভাটার ব্যবহারে থাকবে ‘লাইভ ক্যামেরা অথেন্টিকেশন’ অর্থাৎ ছবিতে আপলোড করা ব্যক্তিই আসল ব্যবহারকারী কি না তা রিয়েল-টাইমে যাচাই হবে। 

এ ছাড়া মিটিং চলাকালে অন্যদের জানাতে প্রতিটি অ্যাভাটার টাইলের উপর নোটিস দেখাবে যে এটি এআই অ্যাভাটার। 

স্মিতা আরও বলেন, “এই ফিচার এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। ফলে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হওয়ার আগে রেজিস্ট্রেশন ও অথেন্টিকেশন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আসতে পারে।”

শুধু অ্যাভাটার নয়, জুম এবার নিয়ে আসছে রিয়েল-টাইম ভয়েস ট্রান্সলেশন ফিচারও। এর মাধ্যমে বক্তার কথা এআই সঙ্গে সঙ্গে অনুবাদ করে শ্রোতাদের তাদের নিজের পছন্দের ভাষায় শোনাবে। প্রথম পর্যায়ে এই সেবা পাওয়া যাবে ইংরেজি, জার্মান, চীনা, ফরাসি, স্প্যানিশ, আরবি, জাপানি, পর্তুগিজ ও ইতালীয় ভাষায়।

একই সঙ্গে জুম আপডেট করছে তাদের এআই অ্যাসিস্ট্যান্ট। নতুন ভার্সনে এটি শুধু মিটিং শেডিউল করা বা ভিডিও ক্লিপ বানানোর কাজই করবে না, বরং চলতি মাস থেকেই ব্যবহারকারীরা চাইলে এআই অ্যাসিস্ট্যান্টকে নিয়ে যেতে পারবেন অন্য প্ল্যাটফর্মের মিটিংয়েও যেমন মাইক্রোসফট টিমস বা গুগল মিট। সেখানে এটি স্বয়ংক্রিয়ভাবে নোট নিতে পারবে।