০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

অ্যান্ড্রয়েডে চালু হল স্পটিফাইয়ের ‘রানিং মোড’

নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের দৌড়ানোর গতির সঙ্গে তাল মিলিয়ে স্বয়ংক্রিয় প্লেলিস্ট তৈরি করতে পারবেন।

অ্যান্ড্রয়েডে চালু হল স্পটিফাইয়ের ‘রানিং মোড’
আইওএস সংস্করণের মতো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও স্পটিফাইয়ের ‘ফিটনেস হাব’ থেকে সরাসরি ফিচারটি ব্যবহার করতে পারবেন। ছবি: স্পটিফাই

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2026, 05:09 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

আইওএসের পর এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত বিশেষ ফিচার উন্মুক্ত করেছে ডিজিটাল স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাই।

‘রানিং মোড’ নামের বিশেষ ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্তের ঘোষণা দিয়েছে গান শোনার এই জনপ্রিয় প্লাটফর্মটি।

পাশাপাশি, নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের দৌড়ানোর গতির সঙ্গে তাল মিলিয়ে স্বয়ংক্রিয় প্লেলিস্ট তৈরি করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

আপাতত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও সুইডেনের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন।

ফিটনেস খাতে নিজেদের সেবার পরিধি বাড়াতে ২০১৮ সালে চালু করা এ পরীক্ষামূলক ফিচারকে আধুনিক রূপ দিয়ে পুনরায় আনছে কোম্পানিটি।

আইওএস সংস্করণের মতো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও স্পটিফাইয়ের ‘ফিটনেস হাব’ থেকে সরাসরি ফিচারটি ব্যবহার করতে পারবেন।

এতে বিভিন্ন ধরনের ব্যায়াম ও মিউজিক ঘরানার ওপর ভিত্তি করে তৈরি ২৫টি প্রিসেট অপশন বেছে নেওয়ার সুযোগ রয়েছে।

এ ছাড়া দৌড়ের সময়সীমা নির্ধারণ, নির্দিষ্ট গতি ধরে রাখার জন্য গানের তাল মেলানো ও অডিও নির্দেশনা চালু বা বন্ধের মাধ্যমে প্লেলিস্টটি নিজের পছন্দমতো সাজিয়ে নেওয়া যাবে।

এ বছরের জানুয়ারিতে এআইচালিত ‘প্রম্পটেড প্লেলিস্ট’ ফিচার চালু করেছিল গান শোনার জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই।

ফিটনেস ব্র্যান্ড ‘পেলোটন’-এর সঙ্গে নতুন পার্টনারশিপের পাশাপাশি এপ্রিলে কোম্পানিটি বলেছে, তাদের প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি চাওয়া প্রম্পটগুলোর একটি ছিল ব্যায়ামের উপযোগী প্লেলিস্ট।

ফিটনেসপ্রেমীদের সেই চাহিদার কথা মাথায় রেখে স্পটিফাই ‘রানিং মোড’-এর মতো নতুন ফিচার নিয়ে এসেছে। প্রযুক্তি ও ফিটনেস খাতের মেলবন্ধনে ভবিষ্যতে এআইয়ের এমন আরও নতুন ব্যবহার নিয়ে হাজির হতে পারে স্পটিফাই।