কিন্ডল ব্যবহার করেন? এখানে পাবেন সব ফ্রি বই
অনেক সময় কিন্ডল স্টোরে হাজার হাজার ফ্রি বই থাকলেও সেগুলোর পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যায় না, শুধু নির্দিষ্ট একটি অংশই আলাদা করে দেখানো হয়।
বই পড়ার অভ্যাস কখনও কখনও ব্যয়বহুল মনে হলেও ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এ দিক থেকে খানিকটা সহায়ক। আর ডিজিটাল ফরম্যাটের বই ফ্রিতে পাওয়া গেলে তো খরচ একেবারেই কমিয়ে আনা যায়।
সমস্যা হলো, আইন মেনে ফ্রি বই খুঁজে পাওয়া সবসময় সহজ নয়।
অনেক সময় কিন্ডল স্টোরে হাজার হাজার ফ্রি বই থাকলেও সেগুলোর পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যায় না, শুধু নির্দিষ্ট একটি অংশই আলাদা করে দেখানো হয়। ফলে ব্যবহারকারীরা সাধারণত “কিন্ডল ফ্রি বই” লিখে সার্চ করেন করে এবং মূল্য অনুযায়ী ফিল্টার ব্যবহার করেন।
এখানেই পাঠকদের জন্য এগিয়ে এসেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট। তারা এক ব্লগ পোস্টে জানিয়েছে কিন্ডল প্ল্যাটফর্মে ফ্রি বই পাওয়ার কিছু তরিকা।
অ্যামাজনের বেস্ট সেলার তালিকা
প্রতিঘণ্টায় আপডেট হওয়া বেস্ট সেলার তালিকা থেকে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ফ্রি বই দেখা যায়। ব্যবহারকারীরা চাইলে বইয়ের জঁরা অনুযায়ী তালিকা ফিল্টার করে নিজেদের পছন্দের বই খুঁজে নিতে পারেন। এখানে নানা ধরনের বিষয়ভিত্তিক বই পাওয়া যায়, যেমন হরর থেকে শুরু করে কৃষি বিষয়ক বই পর্যন্ত।
প্রাইম সাবস্ক্রিপশনের সুবিধা
অ্যামাজন প্রাইম ব্যবহারকারীরা বিশেষ কিছু বই প্রোগ্রামের সুবিধা পান। এর মধ্যে রয়েছে ফার্স্ট রিডস, যেখানে প্রতি মাসে সম্পাদকদের নির্বাচিত দুটি বই আগাম পড়ার সুযোগ মেলে।
এ ছাড়া প্রাইম রিডিং নামের সেবায় একসঙ্গে সর্বোচ্চ ১০টি বই ধার নেওয়া যায়। এখানে হাজারের বেশি বই, ম্যাগাজিন ও কমিকস পাওয়া যায়। কিছু বইয়ে অডিও বর্ণনার সুবিধাও থাকে, যা শ্রবণযোগ্য বইয়ের অভিজ্ঞতা দেয়। বইগুলো নির্দিষ্ট সময়সীমায় সীমাবদ্ধ না থাকলেও একসঙ্গে ১০টির বেশি রাখা যায় না।
স্টাফ ইয়োর কিন্ডল ডে
স্টাফ ইয়োর কিন্ডল ডে নামের বিশেষ প্রচারণামূলক ইভেন্টে লেখকরা নির্দিষ্ট সময়ের জন্য তাদের ই-বুক বিনামূল্যে দিয়ে থাকেন। এটি মূলত রোমান্স ঘরানা থেকে শুরু হলেও এখন বিভিন্ন ধরনের বই এতে যুক্ত হয়।
এ ধরনের ইভেন্ট সাধারণত ইন্ডি লেখক ও ছোট প্রকাশনা সংস্থার উদ্যোগে পরিচালিত হয়। পাঠকদের জন্য এটি নতুন লেখক ও নতুন ঘরানা পরিচিত হওয়ার একটি সুযোগ হিসেবে কাজ করে।
তবে এসব ইভেন্ট খুঁজে পাওয়া সবসময় সহজ নয়। অনেক সময় দেরিতে খুঁজলে ভালো অফার মিস হয়ে যায়। এজন্য বুকবিলো এবং বুকবাবের মতো ওয়েবসাইটে থাকা ক্যালেন্ডার ব্যবহার করা হয়। বুকটক ও বিভিন্ন ঘরানা ভিত্তিক সোশ্যাল গ্রুপ থেকেও তথ্য পাওয়া যায়।
অনলাইন লাইব্রেরি
ওভারড্রাইভের লিব্বি অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা স্থানীয় লাইব্রেরি থেকে বিনামূল্যে ই-বুক ধার নিতে পারেন। এর জন্য শুধু একটি লাইব্রেরি কার্ড প্রয়োজন হয়।
ধার নেওয়া বই নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করা যায়, ঠিক সাধারণ লাইব্রেরির নিয়মের মতো। একই সঙ্গে অডিওবুকও পাওয়া যায়, যা ব্যয়বহুল অডিওবুক সাবস্ক্রিপশন কমাতে সাহায্য করে। একাধিক লাইব্রেরি কার্ড থাকলে বিভিন্ন ক্যাটালগ থেকে সহজে বই খুঁজে পাওয়া যায়।
প্রজেক্ট গুটেনবার্গ
প্রজেক্ট গুটেনবার্গ একটি ফ্রি ওপেন সোর্স প্ল্যাটফর্ম, যেখানে ৭৫ হাজারের বেশি ই-বুক পাওয়া যায়। এটি ই-বুক ধারণার উদ্ভাবকের উদ্যোগে শুরু হয় এবং হাজারো স্বেচ্ছাসেবকের মাধ্যমে বইগুলো ডিজিটাল করা হয়েছে।
এখানে মূলত সেসব ক্লাসিক বই রাখা হয়েছে যেগুলোর কপিরাইট মেয়াদ শেষ হয়েছে। ফলে এটি বিশ্বসাহিত্যের একটি বড় মুক্ত সংগ্রহ হিসেবে বিবেচিত। ব্যবহারকারীরা নির্দিষ্ট বই খুঁজে নিয়ে সরাসরি কিন্ডলে পাঠাতে পারেন।
এছাড়া বিভিন্ন ফরম্যাটে বই ডাউনলোড করার সুযোগও রয়েছে, যা কিন্ডল ছাড়াও অন্য ই-রিডারে ব্যবহার করা যায়।
