০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

নতুন পিক্সেল ১১ সিরিজের দাম কত হবে, জানেন না কি?

বেশ কিছু গুঞ্জনকে সত্যি করে ‘পিক্সেল ১১ প্রো’র মূল মডেল ও ‘পিক্সেল ১১ প্রো এক্সএল’ উভয় ডিভাইসেই র‍্যাম কমিয়ে ১২ জিবি করা হচ্ছে।

নতুন পিক্সেল ১১ সিরিজের দাম কত হবে, জানেন না কি?
এবার ‘পিক্সেল ১১’তে কোনো ডেডিকেটেড টেলিফটো লেন্স থাকছে না। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2026, 10:05 AM

Updated : 11 Sep 2026, 03:46 PM

অগাস্টের অফিসিয়াল ইভেন্টের আগেই ফাঁস হয়েছে গুগলের পিক্সেল ১১ সিরিজের পুরো লাইনআপের স্পেসিফিকেশন ও দরদাম।

নতুন চিপসেট ও বেইস মডেলে বাড়তি স্টোরেজের ইঙ্গিত মিললেও দাম বৃদ্ধি ও প্রো মডেলগুলোতে র‍্যাম কমানোর খবরে প্রযুক্তিপ্রেমীদের জন্য খুব একটা বড় চমক নেই বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।

১২ অগাস্টের আনুষ্ঠানিক ইভেন্টের আগেই গুগলের ‘পিক্সেল ১১’ সিরিজের সবকটি ফোনের দাম ও স্পেসিফিকেশন ফাঁসের দাবি করেছে প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড হেডলাইনস।

সাইটটিতে প্রকাশিত এসব তথ্য গুগলের এ আয়োজনকে ঘিরে এতদিন চলা বিভিন্ন গুঞ্জনের সঙ্গেই মিলে যাচ্ছে।

প্রতিবেদন অনুসারে, মূল ‘পিক্সেল ১১’ ফোনটির দাম ১০০ ডলার বাড়তে পারে। ৮৯৯ ডলার প্রারম্ভিক দামের এ ফোনটিতে এবার ১২৮ জিবি স্টোরেজের পরিবর্তে বেইস মডেলেই মিলবে ২৫৬ জিবি স্টোরেজ।

‘পিক্সেল ১১’ গোটা সিরিজেই থাকবে নতুন ‘টেনসর জি৬’ ও সিকিউরিটি চিপ ‘টাইটান এম৩’।

এদিকে, বেশ কিছু গুঞ্জনকে সত্যি করে ‘পিক্সেল ১১ প্রো’র মূল মডেল ও ‘পিক্সেল ১১ প্রো এক্সএল’ উভয় ডিভাইসেই র‍্যাম কমিয়ে ১২ জিবি করা হচ্ছে।

পাশাপাশি ফোন দুটির দামও বেড়ে যথাক্রমে ১০৯৯ ডলার ও ১২৯৯ ডলার হতে পারে।

ফাঁস হওয়া তথ্য অনুসারে, এবার ‘পিক্সেল ১১’তে কোনো ডেডিকেটেড টেলিফটো লেন্স থাকছে না, বরং এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপেই সন্তুষ্ট থাকতে হবে ব্যবহারকারীকে।

‘পিক্সেল ১১ প্রো’ মডেলগুলোতে পিক্সেল ১০ সিরিজের মতোই আগের ক্যামেরা সেটআপ থাকতে পারে। এ ছাড়া ফোনগুলোর ডিসপ্লেতেও আগের প্রজন্মের তুলনায় বড় কোনো পরিবর্তন আসছে না।

প্রযুক্তি বিশ্বে চর্চিত ‘র‍্যামাগেডন’ বা র‍্যাম কমানোর প্রভাব থেকে বাদ পড়েনি গুগলের ফোল্ডএবল বা ভাঁজযোগ্য ফোন ‘পিক্সেল ১১ প্রো ফোল্ড’ও।

এ ফোনটিও ১২ জিবি প্রারম্ভিক র‍্যাম নিয়ে বাজারে আসতে পারে এবং এর প্রাথমিক দাম হতে পারে ১৮৯৯ ডলার।