Published : 06 May 2026, 06:09 PM
অ্যাপল ও অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে নিরাপদ মেসেজ আদান-প্রদানের জন্য আইওএস ২৬.৫ সংস্করণে এনক্রিপশন সুবিধা যোগ হচ্ছে। এতে দুই ধরনের স্মার্টফোনের মধ্যে চ্যাটিং আরও পার্সোনাল ও সুরক্ষিত হবে।
আইওএস ২৬.৫ এর সর্বশেষ পরীক্ষামূলক সংস্করণে টেক্সট মেসেজের সুরক্ষায় কিছু নতুন পরিবর্তন এনেছে অ্যাপল।
এ পরিবর্তনের আওতায় এখন থেকে অ্যাপল ও অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে আদান-প্রদান করা আরসিএস মেসেজের ক্ষেত্রে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ সুবিধা চালু করতে যাচ্ছে আইফোন নির্মাতা কোম্পানিটি।
আরসিএস-এর পূর্ণরূপ হল ‘রিচ কমিউনিকশেন সার্ভিসেস’, যা সাধারণ এসএমএসের আধুনিক ও উন্নত সংস্করণ। একে অনেকেই ‘এসএমএস ২.০’ বলেন।
নতুন সংযোজন সম্পর্কে অ্যাপলের আনুষ্ঠানিক ভাষ্য, “মেসেজেস অ্যাপে আরসিএস মেসেজিংয়ের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধাটি মোবাইল অপারেটরদের মাধ্যমে পাওয়া যাবে এবং ধাপে ধাপে তা সবার জন্য উন্মুক্ত হবে।”
এ সুরক্ষা ব্যবস্থাটি ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবেই চালু থাকবে। তবে আইওএস ২৬.৫ ব্যবহারকারীরা চাইলে ফোনের সেটিংস অপশনে গিয়ে ‘মেসেজেস’ সেকশনের অধীনে ‘আরসিএস মেসেজিং’ মেনু থেকে বিষয়টি নিশ্চিত করে নিতে পারবেন।
প্রযুক্তি সংবাদের সাইট নাইনটুফাইভগুগল প্রতিবেদনে লিখেছে, আইফোন ব্যবহারকারীরা কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে মেসেজ পাঠালে এবং সেই চ্যাটিং থ্রেড এনক্রিপশন সুবিধার আওতায় থাকলে তাদের ‘মেসেজেস’ অ্যাপে লক আইকন দেখাবে।
অন্যদিকে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ক্ষেত্রে গুগল মেসেজেস অ্যাপে আইওএস ডিভাইসের সঙ্গে চ্যাটিংয়ের অভিজ্ঞতা ঠিক আগের মতোই থাকবে, অর্থাৎ অন্য কোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সঙ্গে এনক্রিপ্টেড আরসিএস মেসেজ আদান-প্রদানের সময় চ্যাটবক্সটি দেখতে যেমন হয় এখানেও তা ওই রকমই দেখাবে।
অ্যাপল আইওএস ১৮-এর অংশ হিসেবে প্রথম আরসিএস মেসেজিংয়ের সুবিধাটি যোগ করেছিল।
গেল বছর আরসিএস প্রোটোকল পরিচালনাকারী সংগঠন ‘জিএসএম অ্যাসোসিয়েশন’ ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেমের মধ্যে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সমর্থনের বিষয়টি যোগ করে।
ওই সময়ে অ্যাপল বলেছিল, তারা ‘ভবিষ্যতের সফটওয়্যার আপডেটের’ মাধ্যমে এ অতিরিক্ত সুরক্ষা স্তরটি যোগ করবে, যা অবশেষে এখন কার্যকর হতে যাচ্ছে।
প্রযুক্তি জায়ান্ট অ্যাপল গত ফেব্রুয়ারিতে আইওএস ২৬.৪-এর অংশ হিসেবে এ প্রযুক্তির পরীক্ষা শুরু করেছিল। তবে সে সময় তারা স্পষ্ট করেছিল, ওই সংস্করণের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এনক্রিপশন ফিচারটি চালুর কোনো পরিকল্পনা তাদের নেই।
যোগাযোগ ব্যবস্থাকে পার্সোনাল ও নিরাপদ রাখার জন্য বাড়তি সুরক্ষা সবসময়ই ইতিবাচক বিষয়। ফলে আইওএস ২৬.৫ আপডেটটি খুব বড় কোনো পরিবর্তন না নিয়ে এলেও ফিচারটির সংযোজন ব্যবহারকারীদের কাছে প্রশংসনীয় ও গ্রহণযোগ্য হবে।