১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সার্চ ফলাফলে বিজ্ঞাপন দেখানোর পদ্ধতি বদলাচ্ছে গুগল

সার্চ পেজে থাকা সব টেক্সট বিজ্ঞাপন একসঙ্গে ‘স্পনসর্ড রেজাল্টস’ নামের এক আলাদা অংশে দেখানো হবে, যা থাকবে স্ক্রিনের একেবারে উপরের অংশে।

সার্চ ফলাফলে বিজ্ঞাপন দেখানোর পদ্ধতি বদলাচ্ছে গুগল
নতুন পদ্ধতিটি বর্তমানে মোবাইল ও ডেস্কটপ উভয় প্ল্যাটফর্মেই বিশ্বজুড়ে চালু করা হচ্ছে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2025, 01:41 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

সার্চ ফলাফলে স্পনসর্ড বা বিজ্ঞাপন দেখানোর পদ্ধতিতে পরিবর্তন আনছে গুগল। নতুন পদ্ধতিতে বিজ্ঞাপনকে একদিকে যেমন সহজে দেখা যাবে আবার অন্যদিকে সহজে এড়িয়েও যাওয়া যাবে– এমনভাবে তৈরি করছে কোম্পানিটি।

ব্যবহারকারীরা যাতে সহজে চিনতে পারে এজন্য বিভিন্ন বিজ্ঞাপনকে এখন আরও স্পষ্টভাবে নির্দিষ্ট এক অংশে গুচ্ছ আকারে দেখাবে মার্কিন সার্চ জায়ান্টটি, যেখানে ব্যবহারকারীরা চাইলে এক ক্লিকে সব স্পনসর্ড ফলাফল লুকাতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

এখন থেকে সার্চ পেজে থাকা সব টেক্সট বিজ্ঞাপন একসঙ্গে ‘স্পনসর্ড রেজাল্টস’ নামের এক আলাদা অংশে দেখানো হবে, যা থাকবে স্ক্রিনের একেবারে উপরের অংশে।

গুগল বলেছে, নতুন পদ্ধতিতে বিজ্ঞাপনের আকার অপরিবর্তিত থাকবে এবং একসঙ্গে চারটির বেশি বিজ্ঞাপন কখনও দেখানো হবে না। ক্যাহারকারী যখন বিজ্ঞাপন অংশটি স্ক্রল করে নিচে চলে যাবেন তখন একটি বাটনে ক্লিক করে সব স্পনসর্ড ফলাফল লুকিয়ে ফেলতে পারবেন।

কোম্পানিটি বলেছে, “নতুন পদ্ধতিটি ব্যবহারকারীদের পেইজের উপরের অংশে সহজে ন্যাভিগেট করতে সাহায্য করবে।” এর কারণ সম্ভবত, মানুষ এখন এআই ওভারভিউ অংশটি এড়িয়ে নিচের দিকে স্ক্রল করতে অভ্যস্ত হয়ে গিয়েছেন।

গুগল আরও বলেছে, স্পনসর্ড ট্যাবটি কখনও এআইভিত্তিক সারাংশের উপরে, আবার কখনও নিচেও দেখা যেতে পারে। মূল তথ্য পর্যন্ত পৌঁছাতে ব্যবহারকারীদের হয়ত আরও এক সেকেন্ড বেশি স্ক্রল করতে হবে।

ব্যবহারকারীরা যদি পেইজের আরও নিচে স্ক্রল করেন তবে গুগল সেখানে একেবারে নিচের অংশে আরেকটি ‘স্পনসর্ড রেজাল্টস’ অংশও রাখবে, যা কেবল আপনি সেটি স্ক্রল করে দেখার পরই লুকানো যাবে।

এ নতুন পদ্ধতিটি বর্তমানে মোবাইল ও ডেস্কটপ উভয় প্ল্যাটফর্মেই বিশ্বজুড়ে চালু করা হচ্ছে।