১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ট্রিপল-প্লে’ ও ‘কোয়াড-প্লে’ আনছে বিটিসিএল: ফয়েজ তৈয়্যব

"আমরা চাই মানুষের যোগাযোগে এবং বিনোদনে লিমিটেড ভয়েস, লিমিটেড ডেটা, লিমিটেড কনটেন্ট সহ, ডিভাইস সীমাবদ্ধতার অচলায়তন মুছে যাক।"

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2025, 01:13 AM

Updated : 26 Aug 2026, 02:22 PM

বাংলাদেশে 'প্রথমবারের মত' ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে নিয়ে আসছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড-বিটিসিএল।

শনিবার রাতে এক ফেইসবুক পোস্টে এ তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

টেলিযোগাযোগ খাতে 'ট্রিপল প্লে' ও 'কোয়াড প্লে' বিপণনের পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়।

ট্রিপল প্লে বলতে বোঝায় আনলিমিটেড ভিডিও, ভয়েস ও হাইস্পিড ইন্টারনেট পরিষেবা। কোয়াড প্লেতে এর সঙ্গে যুক্ত হয় তারবিহীন বা ওয়্যারলেস পরিষেবা।

তৈয়্যব লিখেছেন, "বিটিসিএল এমভিএনও, মোবাইল সিম এবং বিটিসিএল আলাপ আইপিফোন ভয়েস কলিং- এই দুইয়ের মাধ্যমে দেওয়া হবে শর্তসাপেক্ষে আনলিমিটেড ভয়েস। 

"বিটিসিএল জীপন, বিটিসিএল আইএসপি সংযোগ- এর মাধ্যমে নিশ্চিত করা হবে আনলিমিটেড ডেটা।"

ভিডিও পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কী করা হবে তাও তিনি তুলে ধরেছেন। বলেছেন, "অপশনাল ওটিটি, বঙ্গ বা চরকি বা হইচই (প্লাটফর্ম) এর মাধ্যমে আসবে আনলিমিটেড এন্টারটেইনমেন্ট। পরবর্তীতে এখানে নেটফ্লিক্স কিংবা amazon প্রাইম যুক্ত করা যেতে পারে।”

ফয়েজ আহমদ তৈয়্যব।

ফয়েজ আহমদ তৈয়্যব।

এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মগুলোর পাইরেসি সমস্যার সুরাহা করার পরিকল্পনা তুলে ধরেছেন বিশেষ সহকারী।

দেশে নাগরিকদের হাতে ফাইজি এনাবলড মোবাইল ফোন সেট না থাকায় ফাইজ জি সেবার বিস্তার কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না। সেই সমস্যার সমাধানে কিস্তিতে ফাইজি এনাবলড মোবাইল ফোন বিক্রির উদ্যোগের কথা বলেছেন তৈয়্যব।

তিনি লিখেছেন, "মাত্র ৫০০ টাকা কিস্তিতে মাত্র এক বছরের প্যাকেজে স্মার্টফোন হ্যান্ডসেট। শুরুতে থাকবে সামান্য কিছু ডেপোজিট। এর মাধ্যমে সমাধান করা হবে চলমান এক্সেস টু ডিভাইস প্রবলেম।"

অক্টোবরে বিটিসিএল কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রচার করবে বলে জানিয়েছেন তৈয়্যব।

তিনি লিখেছেন, "দেশের বৃহত্তম সরকারি টেলিযোগাযোগ কোম্পানি বিটিসিএল, মানুষের জীবনকে সহজ করতে- ডিভাইস, ভয়েস, ডেটা এবং এন্টারটেইনমেন্ট এক্সেস নিশ্চিত করে যোগাযোগ ব্যবস্থায় একটা নতুন আলোড়ন আনার চেষ্টা করবে।

"আমরা চাই মানুষের যোগাযোগে এবং বিনোদনে লিমিটেড ভয়েস, লিমিটেড ডেটা, লিমিটেড কনটেন্ট সহ, ডিভাইস সীমাবদ্ধতার অচলায়তন মুছে যাক।"