রক্ত সংগ্রহে এবার নতুন এই রোবট হবে চিকিৎসকের সহকারী
পুরো প্রক্রিয়া শুরু রোবটটি পরিচালনার জন্য একজন প্রশিক্ষিত রক্ত সংগ্রহকারী চিকিৎসাকর্মীর উপস্থিতি বাধ্যতামূলক করেছে এফডিএ।
হাসপাতাল ও চিকিৎসকের চেম্বারে স্বয়ংক্রিয়ভাবে মানুষের হাত থেকে রক্ত নেওয়ার জন্য বিশেষ এক রোবটের অনুমোদন দিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, শিরা শনাক্ত করে রক্ত নেওয়া থেকে শুরু করে ব্যান্ডেজ পরানো পর্যন্ত সব কাজই করতে পারবে ‘আলেত্তা’ নামের এ রোবোটিক ডিভাইস।
ইনফ্রারেড আলো ও ডপলার আল্ট্রাসাউন্ড প্রযুক্তি ব্যবহার করে রোগীর সঠিক শিরা শনাক্ত করে এই রোবট।
এরপর শিরায় রক্ত নেওয়ার জন্য বাঁধন বা টুরনিকো লাগানো, সুচ প্রবেশ করানো, সুচ ফেল দেওয়া ও রক্ত নেওয়ার পর ব্যান্ডেজ লাগানো সব কাজই স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করবে।
তবে পুরো প্রক্রিয়া শুরু করা ও ডিভাইসটি পরিচালনার জন্য একজন প্রশিক্ষিত ফ্লেবোটমিস্ট বা রক্ত সংগ্রহকারী চিকিৎসাকর্মীর উপস্থিতি বাধ্যতামূলক করেছে এফডিএ।
নতুন এ প্রযুক্তি চালুর ফলে একজন কর্মী একইসঙ্গে সর্বোচ্চ তিনটি ‘আলেত্তা’ রোবট পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারবেন।
এফডিএ-এর ডিভাইস ও রেডিওলজিক্যাল হেলথ কেন্দ্রের পরিচালক মিশেল টারভার বলেছেন, “যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি হওয়া চিকিৎসা পদ্ধতির একটি হচ্ছে রক্ত সংগ্রহ। অথচ প্রশিক্ষিত কর্মীর অভাবে রোগীরা প্রতিনিয়ত বিলম্বের শিকার হচ্ছেন।”
তিনি বলেছেন, ক্লিনিকাল ট্রায়ালে প্রশিক্ষিত ফ্লেবোটমিস্ট বা রক্ত সংগ্রহকারী কর্মীদের সমান বা তাদের চেয়েও সক্ষমতার সঙ্গে রক্ত সংগ্রহ করতে পারে এমন প্রমাণ মেলায় স্বয়ংক্রিয় রোবট আলেত্তা’কে অনুমোদন দিয়েছে সংস্থাটি।
এফডিএ থেকে আনুষ্ঠানিক সবুজ সংকেত মিললেও মানুষের চিকিৎসায় বা চিকিৎসকের চেম্বারে রোবটটি ঠিক কবে থেকে ব্যবহৃত হতে শুরু করবে সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি।
