ছবির মধ্যেই পণ্য শনাক্ত করতে পারে মেটার এআই মডেল
স্যাম-এর সহায়তায় বিভিন্ন বস্তুতে ক্লিক করে বা টেক্সট প্রম্পট লিখে সেগুলো বাছাই করা যাবে। এক নমুনায় দেখা যায়, ‘ক্যাট’ শব্দটি প্রম্পটে লেখার পর এই টুল এক ছবিতে থাকা বেশ কিছু বিড়ালের আশপাশে একটি করে বাক্স একেছে।
কোনো ছবি থেকে একক বস্তু শনাক্ত করতে পারে এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার মডেল প্রকাশ করেছে ফেইসবুকের মালিক কোম্পানি মেটা।
বুধবারের উন্মোচনে কোম্পানি আরও বলেছে, এর ছবি সম্পাদনার ডেটাসেটও তার ধরনের মধ্যে সবচেয়ে বড়।
এক ব্লগ পোস্টে কোম্পানির গবেষণা বিভাগ বলেছে, ‘সেগমেন্ট এনিথিং মডেল’ বা ‘স্যাম’ নামের এই মডেল বিভিন্ন ছবি এমনকি কিছু ক্ষেত্রে ভিডিও’র মধ্যে থাকা এমন বস্তু শনাক্ত করতে পারে, যেগুলো এটি নিজের প্রশিক্ষণের সময় দেখেনি।
স্যাম-এর সহায়তায় বিভিন্ন বস্তুতে ক্লিক করে বা টেক্সট প্রম্পট লিখে সেগুলো বাছাই করা যাবে। এক নমুনায় দেখা যায়, ‘ক্যাট’ শব্দটি প্রম্পটে লেখার পর এই টুল এক ছবিতে থাকা বেশ কিছু বিড়ালের আশপাশে একটি করে বাক্স একেছে।
মাইক্রোসফট সমর্থিত কোম্পানি ওপেনএআই’র চ্যাটবট চ্যাটজিপিটি এই শরতে জনপ্রিয় হয়ে ওঠার পর থেকে বিভিন্ন শীর্ষ প্রযুক্তি কোম্পানি নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার অগ্রগতি নিয়ে কাজ করছে। ফলে, এই খাতে একচেটিয়া রাজত্ব পাওয়ার দৌড়ে বিনিয়োগের স্রোতও দেখা গেছে।
মেটা এমন বেশ কিছু ফিচার আনার ইঙ্গিত দিয়েছে, যা চ্যাটজিপিটি’র মতো জনপ্রিয় জেনারেটিভ এআই’র ধরন অনুসরণ করে ও অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার মতো ডেটা শনাক্তকরণ বা শ্রেণিবদ্ধ করার বদলে একেবারে নতুন কনটেন্ট তৈরি করে। মেটা এখনও এই ধরনের কোনো পণ্য প্রকাশ করেনি বলে প্রতিবেদনে উল্লেখব করেছে রয়টার্স।
এর উদাহরণ হিসেবে ধরা যায়, এমন এক টুল যা বিভিন্ন পরাবাস্তববাদী ভিডিও থেকে টেক্সট প্রম্পট তৈরির সুযোগ দেয়। পাশপাশি, আরেকটি টুল আছে যা বিভিন্ন গদ্য থেকে শিশুদের বইয়ের চিত্র তৈরি করতে পারে।
কোম্পানির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, মেটার বিভিন্ন অ্যাপে এই ধরনের জেনারেটিভ এআই’র ‘সৃজনশীল সহায়তা’ সমন্বিত করা এই বছরের অন্যতম অগ্রাধিকার।
নিজস্ব প্ল্যাটফর্মে ছবি ট্যাগ, নিষিদ্ধ কনটেন্ট সীমিত করা এবং ফেইসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কোন পোস্টগুলো দেখানো উচিৎ, সেই বিষয়গুলো নির্ধারণে এরইমধ্যে স্যামের মতো একই ধরনের প্রযুক্তি ব্যবহার করছে মেটা।
কোম্পানি বলেছে , স্যামের আত্মপ্রকাশ এই ধরনের প্রযুক্তিতে প্রবেশের উপায় বিস্তৃত করবে।
এক অবাণিজ্যিক লাইসেন্সের অধীনে নতুন এই এআই মডেল ও এর ডেটাসেট ডাউনলোডের জন্য পাওয়া যাবে। একইভাবে সহযোগী প্রোটোটাইপে নিজস্ব ছবি আপলোড করা ব্যবহারকারীদের কেবল গবেষণার উদ্দেশ্যে এটি ব্যবহারের শর্তে রাজী হতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
