১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্মার্টফোনই এখন ঘরের চাবি, স্যামসাং নিয়ে এল নতুন ফিচার

ফিচারটি ‘স্যামসাং ওয়ালেট’-এর ভেতর থাকবে, যার মাধ্যমে ফোন ব্যবহার করেই যে কোনো সামঞ্জস্যপূর্ণ স্মার্ট ডোর বা ডিজিটাল তালা খোলা যাবে।

স্মার্টফোনই এখন ঘরের চাবি, স্যামসাং নিয়ে এল নতুন ফিচার
ফিচারটি ব্যবহারের জন্য ব্যবহারকারীর বায়োমেট্রিক বা আঙুলের ছাপ বা মুখাবয়ব বা পিন কোডের প্রয়োজন হবে। ছবি: স্যামসাং

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 04:38 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

চাবির গোছা হারানো বা বাড়িতে ভুলে ফেলে আসার দিন এবার শেষ হতে চলল। স্যামসাং নিয়ে এসেছে নতুন ফিচার, এর মাধ্যমে গ্যালাক্সি স্মার্টফোনটিই হয়ে উঠবে ব্যবহারকারীদের ঘরের চাবি।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, ‘ডিজিটাল হোম কি’ নামের ফিচারটি ‘স্যামসাং ওয়ালেট’-এর ভেতর থাকবে। এর মাধ্যমে ফোন ব্যবহার করেই যে কোনো সামঞ্জস্যপূর্ণ স্মার্ট ডোর বা ডিজিটাল তালা খুলতে পারবেন ব্যবহারকারী।

এর আগে কোম্পানিটি ‘স্যামসাং ওয়ালেট’-এ ডিজিটাল গাড়ির চাবি ব্যবহারের সুবিধা এনেছিল।

এক বিবৃতিতে স্যামসাং ইলেকট্রনিক্সের ডিজিটাল ওয়ালেট টিমের প্রধান ও ইভিপি ওনচোল চাই বলেছেন, “আমরা স্যামসাং ওয়ালেটের ক্রমাগত উন্নয়ন করছি এবং আমাদের উদ্ভাবনের মূলে রয়েছে বিশ্বস্ত মোবাইল অভিজ্ঞতা দেওয়ার বিষয়।

“আমাদের পার্টনারদের সঙ্গে মিলে ও আলিরো স্ট্যান্ডার্ড মেনে আমরা ডিজিটাল হোম কি তৈরি করেছি।

“ফলে স্যামসাং গ্যালাক্সি ব্যবহারকারীরা তাদের ঘরেও ঠিক সেই পর্যায়ের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য পাবেন, যা তারা স্যামসাং ওয়ালেট থেকে প্রত্যাশা করেন।”

‘কানেক্টিভিটি স্ট্যান্ডার্ডস অ্যালায়েন্স’-এর মাধ্যম তৈরি এ ‘আলিরো’কে ‘শিল্পসম্মত স্ট্যান্ডার্ড যোগাযোগ ব্যবস্থা’ হিসেবে বর্ণনা করেছে স্যামসাং।

কোম্পানিটির এ ‘ডিজিটাল হোম কি’ ফিচারে ‘নুকি’ ও ‘শ্লেজ’-এর মতো স্মার্ট বিভিন্ন লক ব্র্যান্ডও থাকবে। সর্বোচ্চ নিরাপত্তার জন্য ফিচারটি ‘ইএএল৬+’ সিকিউরিটি সার্টিফিকেশন অনুসারে তৈরি হয়েছে।

স্যামসাং বলেছে, ‘ডিজিটাল হোম কি’ ব্যবহারের জন্য ব্যবহারকারীর বায়োমেট্রিক বা আঙুলের ছাপ বা মুখাবয়ব বা পিন কোডের প্রয়োজন হবে। ফোনটি হারিয়ে গেলেও ব্যবহারকারী ‘স্যামসাং ফাইন্ড’-এর মাধ্যমে দূর থেকেই এ ডিজিটাল চাবিটি নিয়ন্ত্রণ করতে বা মুছে ফেলতে পারবেন।

এ মাস থেকে নির্দিষ্ট কিছু অঞ্চলে স্যামসাং এ ফিচারটি চালু করছে। ধারাবাহিকভাবে আরও বেশি স্মার্ট লক ব্র্যান্ডের সঙ্গে যোগ হয়ে বিশ্বজুড়ে এ পরিষেবাটি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।