Published : 18 Jul 2026, 03:44 PM
ব্যবহারকারীদের ডিজিটাল অভিজ্ঞতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার আরও সহজ করতে গুগলের এআই মোডে যোগ হয়েছে ক্যানভা, ইউটিউব মিউজিক ও ইনস্টাকার্টের মতো জনপ্রিয় বিভিন্ন সেবা।
এখন আলাদাভাবে জেমিনাই অ্যাপ না খুলেই গুগল সার্চের ভেতর থেকেই সরাসরি গান শোনার প্লেলিস্ট তৈরি বা গ্রাফিক ডিজাইনের মতো বিভিন্ন কাজ সেরে নেওয়া যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
ব্যবহারকারীদের ডিজিটাল জীবনের প্রতিটি ক্ষেত্রে এআইয়ের অনুপ্রবেশ ঘটানোর যে অলিখিত লক্ষ্য নিয়ে গুগল কাজ করছে, তারই ধারাবাহিকতায় নতুন তিন অ্যাপের সঙ্গে যোগ হল কোম্পানিটির এআই ফিচার।
এ সপ্তাহে যুক্তরাষ্ট্রে চালু হওয়া নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা এখন গুগলের ‘এআই মোড ইন সার্চ’-এর সঙ্গে ক্যানভা, ইউটিউব মিউজিক ও ইনস্টাকার্ট অ্যাপ যোগ করতে পারবেন।
এ পদক্ষেপের মূল উদ্দেশ্য, ব্যবহারকারীরা যেন আলাদাভাবে জেমিনাই অ্যাপ খোলার ঝামেলা ছাড়াই দৈনন্দিন সার্চের ভেতর থেকে আরও স্বাভাবিকভাবে এসব এআই সেবা ব্যবহার করতে পারেন।
গুগলের নিজস্ব প্ল্যাটফর্ম ইউটিউব মিউজিকের ক্ষেত্রে ব্যবহারকারীরা এখন এআই মোড ব্যবহার করে কেবল প্রম্পট বা নির্দেশের মাধ্যমেই পছন্দের প্লেলিস্ট তৈরি করে নিতে পারবেন।
ব্যবহারকারী ঠিক কেমন ধারার গান বা মুডের প্লেলিস্ট চান তা লিখে অনুরোধ জানালেই জেমিনাই স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব মিউজিকের সঙ্গে যোগ হয়ে চ্যাটিং ফিডের ভেতরেই প্লেলিস্ট তৈরি করে দেবে, যা পরবর্তীতে সরাসরি অ্যাপে ওপেন করা যাবে।
ক্যানভা অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা এআই’কে দিয়ে বিভিন্ন ডিজাইনের টেমপ্লেট বা খসড়া তৈরি করিয়ে নিতে পারবেন। যেমন, ব্যবহারকারী যদি কোনো পার্টির পরিকল্পনা করেন, তবে গুগল ক্যালেন্ডার থেকে সেই সংক্রান্ত তথ্য নিয়ে এআই মানানসই ফ্লায়ার ডিজাইন করে দেবে।
এ ছাড়া, ইনস্টাকার্ট অ্যাপটি যোগ থাকলে এআই সরাসরি অ্যাপের শপিং কার্টে প্রয়োজনীয় রান্নার উপাদান বা মুদি কনটেন্ট যোগ করে দিতে পারবে।
এ ক্ষেত্রেও ব্যবহারকারীর ক্যালেন্ডারে যদি কোনো বার্বিকিউ পার্টির মতো ইভেন্ট সেইভ করা থাকে তবে সেই তথ্য বিশ্লেষণ করেই এআই স্বয়ংক্রিয়ভাবে কেনাকাটার তালিকা তৈরি করবে।
গুগল বলেছে, ভবিষ্যতে এ ধরনের আরও অনেক অ্যাপের সঙ্গে এআইয়ের সমন্বয় ঘটাতে তারা অন্যান্য পার্টনারদের সঙ্গেও কাজ করছে।
ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে, অন্যান্য অ্যাপ থেকে তথ্য সংগ্রহ করে নিখুঁত উত্তর দেওয়ার জেমিনাইয়ের এ বিশেষ সক্ষমতাকে ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ হিসেবে বর্ণনা করেছে গুগল।
এ বছরের শুরুতেই গুগলের ‘এআই মোড’-এ যোগ হয়েছিল ফিচারটি এবং এরপর থেকে ২০২৬ সালজুড়ে সার্চ ইঞ্জিনে এ ফিচারের পরিধি ক্রমাগত বাড়িয়ে চলেছে মার্কিন সার্চ জায়ান্টটি।
এআই যেন কোনো বিষয়ের উত্তর দেওয়ার ক্ষেত্রে বাস্তব ও অভিজ্ঞতালব্ধ মতামত তুলে ধরতে পারে সেজন্য কয়েক মাস আগে রেডিট থেকে ‘বিশেষজ্ঞ’ মতামত বা তথ্য নেওয়ার সুবিধাও চালু করেছে গুগল।
এ ছাড়া গুগলের বার্ষিক প্রযুক্তি সম্মেলন ‘আই/ও ২০২৬’-এ কোম্পানিটি প্রতিশ্রুতি দিয়েছিল, ব্যবহারকারীরা এখন এআই সার্চে আরও কার্যকর ফলাফল পাবেন।
একইসঙ্গে গুগল নতুন ‘ইন্টেলিজেন্ট সার্চ বক্স’ উন্মোচন করেছে, যা জটিল প্রশ্নের আকার ও ধরন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে বড় হতে পারে। এর আরেকটি বড় সুবিধা, ব্যবহারকারীরা এখন কেবল টেক্সট বা লেখার মধ্যে সীমাবদ্ধ না থেকে সরাসরি ভিডিও, ছবি, ফাইল এবং ব্রাউজারের ক্রোম ট্যাব ইনপুট বা উপাদান হিসেবে ব্যবহার করে যে কোনো কিছু সার্চ করতে পারবেন।