১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ওয়েব সার্ভিসেস অচলের কারণ জানাল অ্যামাজন

স্বয়ংক্রিয়ভাবে সমস্যা সমাধানের কথা থাকলেও সেটা পারেনি ডাইনামোডিবি। ফলে অ্যামাজনকে ম্যানুয়াল পদ্ধতিতে সমস্যাটির সমাধান করতে হয়েছে।

ওয়েব সার্ভিসেস অচলের কারণ জানাল অ্যামাজন
বিশ্বের বিভিন্ন ওয়েবভিত্তিক সেবায় ‘ব্যাকএন্ড’ অবকাঠামোগত সেবা দেয় এডব্লিউএস। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 05:58 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

কিছুদিন আগেই বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছিল ক্লাউড অবকাঠামো বাজারের শীর্ষ কোম্পানি অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এডব্লিউএস। এ বিষয়ে বিশদ এক রিপোর্ট প্রকাশ করেছে কোম্পানিটি।

এর আগে অক্টোবরের ২০ তারিখে এ প্রযুক্তিগত ত্রুটি বা বিভ্রাটের কারণে অনেক ওয়েবসাইট, সার্ভিস, অ্যাপ ও গেইম পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। বিশ্বের বিভিন্ন ওয়েবভিত্তিক সেবায় ‘ব্যাকএন্ড’ অবকাঠামোগত সেবা দেয় এডব্লিউএস।

এ বিভ্রাট মূলত কোম্পানিটির ‘অটোমেশন সফটওয়্যার ডাইনামোডিবি’তে এক বাগের কারণে শুরু হয়, যেখানে অ্যামাজনের এডব্লিউএস গ্রাহকরা নিজেদের ডেটা সংরক্ষণ করে। এ বাগের ফলে সফটওয়্যারটির ওপর নির্ভরশীল অন্যান্য সিস্টেমেও সমস্যা তৈরি হয় বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।

অ্যামাজন বলেছে, ডাইনামোডিবি শত শত হাজার ‘ডোমেইন নেইম সিস্টেম’ বা ডিএনএস রেকর্ড পরিচালনা করে এবং স্বয়ংক্রিয়ভাবে যে কোনো সমস্যা ঠিক করতে পারে এটি। তবে অক্টোবর ২০ তারিখে ডাইনামোডিবি ডিএনএস ব্যবস্থাপনায় একটি বাগ দেখা দেয়, যার ফলে নর্থ ভার্জিনিয়ায় থাকা অ্যামাজনের বিভিন্ন ডেটা সেন্টারের জন্য খালি বা ফাঁকা ডিএনএস রেকর্ড তৈরি হয়েছে।

স্বয়ংক্রিয়ভাবে সমস্যা ঠিক করার কথা থাকলেও তা করতে পারেনি ডাইনামোডিবি। ফলে অ্যামাজনকে ম্যানুয়াল পদ্ধতিতে সমস্যাটি ঠিক করতে হয়েছে। এ সময়ে, ডাইনামোডিবির সঙ্গে যেসব সিস্টেমের সংযোগের প্রয়োজন ছিল এরা সংযোগ করতে পারেনি ও ডিএনএস ত্রুটির মুখে পড়ে, যার মধ্যে ছিল কোম্পানিটির ক্লাউড কম্পিউটিং সেবার গ্রাহকরাও। এ ঘটনায় ইন্টারনেটের অর্ধেক কাজই ব্যবহত হয়েছে।

এ ত্রুটির প্রভাব পড়েছে অ্যামাজনের নিজের ওপরই। কোম্পানিটির ওয়েবসাইট ও পরিষেবার ওপরও প্রভাব পড়েছে, যার মধ্যে রয়েছে অ্যামাজন আলেক্সা ডিভাইস, ব্যাংক অফ আমেরিকা, স্ন্যাপচ্যাট, ক্যানভা, রেডিট, অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি, লিফট, ডুওলিঙ্গো, ফোর্টনাইট, ডিজনি+, ভেনমো, ডোরড্যাশ, হুলু, প্লেস্টেশন ও ইট স্লিপ। কিছু সেবার গতি কমে গেলেও অন্য কিছু সেবা একেবারেই কাজ করেনি।

বিবৃতিতে অ্যামাজন ঘটনার জন্য ক্ষমা চেয়ে বলেছে, “আমরা জানি গ্রাহক, তাদের অ্যাপ্লিকেশন, ব্যবহারকারী ও তাদের ব্যবসার জন্য আমাদের বিভিন্ন পরিষেবা কতটা গুরুত্বপূর্ণ। এই ঘটনা অনেক গ্রাহকের ওপর গুরুতর প্রভাব ফেলেছে। এ ঘটনা থেকে আমাদের যা শেখা সম্ভব তা শিখব এবং আমাদের সেবা আরও উন্নত করব।”

আরও পড়ুন…

অ্যামাজন ওয়েব সার্ভিসেস অচলওয়েবভিত্তিক বড় সেবায় ধাক্কা