১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অডিবলের নতুন ফিচারে শোনার পাশাপাশি স্ক্রিনে বই পড়াও যাবে

বিষয়টি শৈশবের সেই স্মৃতি ফিরিয়ে দিতে পারে, যখন মা-বাবা ঘুমের আগে গল্প পড়ে শোনাতেন এবং শিশুটি আঙুল দিয়ে লাইনের প্রতিটি শব্দ অনুসরণ করত।

অডিবলের নতুন ফিচারে শোনার পাশাপাশি স্ক্রিনে বই পড়াও যাবে
অডিবল হচ্ছে যুক্তরাষ্ট্রে অডিওবুক উৎপাদন ও বিক্রির অন্যতম বড় কোম্পানি। ছবি: অ্যামাজন

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2026, 05:12 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

প্রিয় গল্পে ডুবে যাওয়ার জন্য এখন আর কেবল কানে শোনাই যথেষ্ট নয়, চাইলে চোখও বোলানো যাবে বইয়ের পাতায়। এজন্য নতুন ফিচার এনেছে জনপ্রিয় অডিওবুক প্ল্যাটফর্ম অডিবল।

ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, অডিওবুক অ্যাপটির ‘রিড অ্যান্ড লিসেন’ নামের ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী কোনো বই শোনার পাশাপাশি তা স্ক্রিনে পড়তেও পারবেন।

অডিবলের প্রধান পণ্য কর্মকর্তা অ্যান্ডি সাও বলেছেন, “এখন থেকে অডিবলে আপনি চোখের সামনে বই পড়তে ও একইসঙ্গে শুনতে পারবেন। অডিওবুক শোনাও এক ধরনের পড়া... আর নতুন ফিচারের মাধ্যমে বইপ্রেমীরা দুই মাধ্যমেরই সেরা অভিজ্ঞতা পাবেন।”

প্রথমে মনে হতে পারে কোম্পানিটি পুরানো জিনিসই নতুন করে তুলে ধরছে। তবে গবেষণা বলছে, এ ধরনের ‘ইমারসিভ রিডিং’ বা নিমগ্ন হয়ে পড়া তথ্য মনে রাখার সক্ষমতা বাড়ায় ও বইয়ের বিষয়বস্তু বুঝতে সহজ করে, যা শিক্ষার্থী ও নতুন ভাষা শিখছেন এমন ব্যক্তিদের জন্য বেশ কার্যকর।

যুক্তরাষ্ট্রে অডিওবুক উৎপাদন ও বিক্রির অন্যতম বড় কোম্পানি অডিবল। ১৯৯৫ সালে যাত্রা শুরু করার পর ২০০৮ সালে তা অ্যামাজনের এক অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে যোগ হয়। বর্তমানে তাদের তালিকায় আট লাখ বই রয়েছে, যেখানে এইচ. জি. ওয়েলস থেকে শুরু করে প্রিন্স হ্যারির বইও পাওয়া যায়।

প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুসারে, অডিবলের নিজস্ব পরিসংখ্যান থেকে দেখা গেছে, যারা একইসঙ্গে বই শোনেন ও পড়েন তারাই অ্যাপটির সবচেয়ে সক্রিয় সদস্যদের অন্তর্ভুক্ত।

‘রিড অ্যান্ড লিসেন’-এর মূল ধারণাটি বেশ সহজ। যেমন, কারো কাছে যদি কোনো বইয়ের ই-বুক ও অডিওবুক উভয় সংস্করণই থাকে তবে ব্যবহারকারী একইসঙ্গে দুটিই উপভোগ করতে পারবেন।

কিন্ডল অ্যাপের ‘হুইসপারসিঙ্ক ফর ভয়েস’ ফিচারের সঙ্গে এর কিছু মিল রয়েছে, যা কারো পড়ার বা শোনার অগ্রগতি মিলিয়ে রাখে, যাতে যে কোনো সময় পড়া থেকে শোনায় বা শোনা থেকে পড়ায় সুইচ করতে পারেন ব্যবহারকারী। তবে, এখন একইসঙ্গে দুটি কাজই করা যাবে।

কোনো বই ‘রিড অ্যান্ড লিসেন’-এর জন্য উপযোগী হলে তা সাধারণ এক রিডিং ইন্টারফেইস বা স্ক্রিন দেখা যাবে, যেখানে একটি মুভিং হাইলাইট থাকবে, যা বর্ণনাকারী যে শব্দটি পড়ছেন ঠিক সেই শব্দটিকে চিহ্নিত করে এগোতে থাকবে।

অনেক পাঠকের কাছে বিষয়টি শৈশবের সেই স্মৃতি ফিরিয়ে দিতে পারে, যখন মা-বাবা ঘুমের আগে গল্প পড়ে শোনাতেন এবং শিশুটি আঙুল দিয়ে লাইনের প্রতিটি শব্দ অনুসরণ করত।

ইংরেজি, স্প্যানিশ, জার্মান, ইতালিয়ান ও ফ্রেঞ্চ এ পাঁচটি ভাষার কয়েক লাখ বই নিয়ে ফিচারটি যাত্রা শুরু করছে।

ফিচারটি এখনও সবার জন্য উন্মুক্ত নয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে অডিবলের নির্বাচিত কিছু গ্রাহকদের জন্য ফিচারটি চালু করা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে অডিওবুকের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছে। ২০১৮ সালে ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডন’-এর গবেষকরা বলেছিলেন, সিনেমা দেখা বা সাধারণ বই পড়ার চেয়ে অডিওবুক শোনা মনে অনেক বেশি আবেগীয় প্রভাব ফেলে।

গবেষণায় আটটি জনপ্রিয় সিনেমা ও বইয়ের দৃশ্য নিয়ে পরীক্ষা চালানো হয়েছিল, যার মধ্যে ছিল ‘গেইম অফ থ্রোনস’, ‘গার্ল অন দ্য ট্রেন’, ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’ এবং ‘সাইলেন্স অফ দ্য ল্যাম্বস’।

তবে সেই গবেষণায় একইসঙ্গে পড়া ও শোনার আবেগীয় প্রভাব নিয়ে কোনো পরীক্ষা হয়নি, যা খুব শিগগিরই ‘রিড অ্যান্ড লিসেন’ গ্রাহকরা অভিজ্ঞতায় নিতে পারবেন।